চট্টগ্রামে পাহাড় কাটার মামলায় প্রবর্তক সংঘের সাবেক তিন নেতাকে ২ লাখ টাকা করে জরিমানা
চট্টগ্রাম নগরে পাহাড় কেটে স্থাপনা নির্মাণের দায়ে প্রবর্তক সংঘের সাবেক তিন নেতাকে ২ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে তাদের এই জরিমানা করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) চট্টগ্রামের পরিবেশ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন এই রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী আলাউদ্দিন ও দণ্ডিত ব্যক্তিদের আইনজীবী মুহিত মোহাম্মদ মহিউদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডিত ব্যক্তিরা হলেন প্রবর্তক সংঘের পরিচালনা কমিটির সাবেক সভাপতি সুভাষ চন্দ্র লালা, সাবেক সহসভাপতি রঞ্জিত কুমার দে এবং সাবেক সাধারণ সম্পাদক টিংকরি চক্রবর্তী।
আদালত সূত্রে জানা গেছে, নগরের পাঁচলাইশ এলাকার প্রবর্তক মোড়সংলগ্ন প্রবর্তক সংঘের মালিকানাধীন পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করা হয়। পরিবেশ অধিদপ্তর ওই এলাকা পরিদর্শন করে পাহাড় কাটার প্রাথমিক প্রমাণ পায়।
এরপর পরিবেশ অধিদপ্তরের তৎকালীন সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্ত ২০১৬ সালে এই ঘটনায় মামলা করেন। সেই মামলার রায় ঘোষণা করা হলো সোমবার।
বেঞ্চ সহকারী আলাউদ্দিন জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা লঙ্ঘনের দায়ে তিন আসামিকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।
তিনি আরও জানান, তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন। পরিবেশ সংরক্ষণ আইন একটি বিশেষ আইন হওয়ায় এই আইনে দণ্ডিত ব্যক্তিদের আপিল করার আগে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে।
দণ্ডিত ব্যক্তিদের আইনজীবী মুহিত মোহাম্মদ মহিউদ্দিন জানান, তার মক্কেলরা ন্যায়বিচার পাননি বলে মনে করছেন। এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন। রায় ঘোষণার সময় তিন দণ্ডিত ব্যক্তির কেউই আদালতে উপস্থিত ছিলেন না।




