গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার বেড়ে ১৮, সবাই কারাগারে

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার সূত্রপাত গত শনিবার (২৪ অক্টোবর)। ওই দিন বিকেলে বেদগ্রাম খেয়াঘাট এলাকায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ওই হামলায় তিন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।
ঘটনার পর গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ফুলমিয়া বাদী হয়ে ১০০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করা হয় এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলার পর পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালাতে থাকে। সেই অভিযানেই রোববার দিবাগত রাতে ১৮ আসামিকে গ্রেপ্তার করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন।




