চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন, পাবেন মেয়রের ক্ষমতা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর বিধান অনুযায়ী তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেন উপসচিব জুয়েল রানা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডা. শাহাদাত হোসেন প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারার ৩ উপধারা অনুযায়ী তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী মাসিক সম্মানী ও অন্যান্য ভাতাও পাবেন তিনি।
ডা. শাহাদাত হোসেনের এই নিয়োগের পেছনে রয়েছে দীর্ঘ আইনি লড়াইয়ের ইতিহাস। ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা করেছিলেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাঁকে মেয়র প্রার্থী হিসেবে বিজয়ী ঘোষণা করে রায় দেন। এবার প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে করপোরেশনের দায়িত্ব পেলেন।




