নাটোরের নলডাঙ্গায় ভ্যান থেকে ছিটকে ট্রলির চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু, চালক আটক
নাটোরের নলডাঙ্গায় চলন্ত ভ্যান থেকে ছিটকে পড়ে পাটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে গেদি বেগম (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাপাতিল ডাকঘরসংলগ্ন রেলওয়ে ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় ট্রলিচালক কায়সারকে (৩৭) আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ। নিহত গেদি বেগম রাজশাহীর দুর্গাপুর উপজেলার পান্না নগর এলাকার বাসিন্দা এবং ওই এলাকার বানী ইসরাইলের স্ত্রী।
নলডাঙ্গা ফায়ার সার্ভিসের সহকারী ইনচার্জ মাসুদ বলেন, গেদি বেগম তাঁর পুত্রবধূর সঙ্গে বেয়াইবাড়ি থেকে বেড়ানো শেষ করে নিজ বাড়ি রাজশাহীর দুর্গাপুরে যাচ্ছিলেন। তিনি পাটুল থেকে নলডাঙ্গার দিকে আসা একটি চার্জার ভ্যানে যাত্রী হিসেবে ছিলেন।
ভ্যানটি সোনাপাতিল ডাকঘরসংলগ্ন রেলওয়ে ব্রিজের নিচে পৌঁছালে একই দিক থেকে আসা পাটবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। সে সময় ভ্যানে থাকা গেদি বেগম পাটবোঝাই গাড়িটির সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন। পরে ওই গাড়ির চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
গেদি বেগমের পুত্রবধূ বলেন, “আমার শাশুড়িসহ আমি রাজশাহী দুর্গাপুর আমার শ্বশুরবাড়ি থেকে আমার নিজ এলাকায় নলডাঙ্গায় বেড়াতে এসেছিলাম। আজকে (রোববার) আমরা আমার শ্বশুরবাড়ি রাজশাহীর দুর্গাপুরে ফিরে যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় এই দুর্ঘটনায় আজকে আমার শাশুড়ি মারা যায়।”
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান বলেন, এই ঘটনায় ট্রলিচালক আটক আছেন এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



