জার্মানির ব্রেমারহাফেনে দুই পণ্যবাহী জাহাজে ধাক্কা ক্রুজ জাহাজের, বাতিল ক্যানারি দ্বীপপুঞ্জের যাত্রা

জার্মানির ব্রেমারহাফেন বন্দরে ঝোড়ো আবহাওয়ার মধ্যে একটি বিলাসবহুল ক্রুজ জাহাজ দুটি পণ্যবাহী জাহাজের সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে জাহাজটির লাইফবোট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্যানারি দ্বীপপুঞ্জে পরিকল্পিত যাত্রা বাতিল করতে হয়েছে। তবে এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি।
ঘটনাটি ঘটেছে রোববার ব্রেমারহাফেন বন্দর থেকে ‘মাইন শিফ ৩’ জাহাজটি ছেড়ে যাওয়ার সময়। সংঘর্ষের পর জাহাজটি কলম্বাস কোয়েতে ফিরে আসে।
ক্রুজ পরিচালনাকারী প্রতিষ্ঠান টিইউআই ক্রুজেস ফক্স নিউজ ডিজিটালকে ঘটনাটি নিশ্চিত করে বলেছে, কোনো যাত্রী আহত হননি। প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেন, ‘এর ফলে আমরা ক্যানারি দ্বীপপুঞ্জে পরিকল্পিত ক্রুজটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। এই পদক্ষেপ নিতে হওয়ায় আমরা খুবই দুঃখিত।’
সংঘর্ষের কিছুক্ষণ পরই কারিগরি দল ও বিশেষজ্ঞরা জাহাজটি পরীক্ষা করেন। টিইউআই ক্রুজেসের কর্মকর্তা জানান, পরীক্ষায় দেখা গেছে জাহাজটির শিপইয়ার্ডে মেরামত প্রয়োজন।
ব্রেমেন পুলিশ রোববার সন্ধ্যায় সংঘর্ষের খবর জানায়। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমান তথ্য অনুযায়ী সংঘর্ষে কেউ আহত হননি।’ ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি বলেও পুলিশ জানিয়েছে।
ব্রেমেন পুলিশ জানিয়েছে, তারা সংঘর্ষের তদন্ত করছে। জার্মান সম্প্রচারমাধ্যম এনডিআরের খবর অনুযায়ী, পুলিশ ‘মাইন শিফ ৩’-এর ক্যাপ্টেনের বিরুদ্ধে প্রশাসনিক অপরাধের তদন্তও শুরু করেছে।
সামাজিক মাধ্যম রেডিটে প্রকাশিত ফুটেজে সংঘর্ষের মুহূর্তে জাহাজ থেকে ধারণ করা দৃশ্য দেখা গেছে বলে খবরে বলা হয়েছে। সেখানে অন্তত একজনের চিৎকার শোনা যায় এবং পণ্যবাহী জাহাজের সঙ্গে ঘষা লেগে জাহাজের পাশের লাইফবোটগুলো ক্ষতিগ্রস্ত হতে দেখা যায়।
টিইউআই ক্রুজেসের মুখপাত্র বলেছেন, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের উচ্চ নিরাপত্তা মান বজায় রাখতে এটাই একমাত্র দায়িত্বশীল সিদ্ধান্ত এবং সঠিক পদক্ষেপ।’
মুখপাত্র আরও বলেন, এখন প্রতিষ্ঠানটির মনোযোগ যাত্রীদের পুরোপুরি অবহিত রাখা, তাদের সহায়তা করা এবং পরবর্তী পদক্ষেপে সাহায্য করার দিকে।




