খুলনায় সাবেক এমপি রশীদুজ্জামানসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের পাঁচ মামলা
খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. রশীদুজ্জামান, খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনু ও তাঁর স্বামী খুলনা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক মো. জাহিদ ফজল বাদী হয়ে তিনটি মামলা এবং উপসহকারী পরিচালক আশিকুর রহমান বাদী হয়ে অপর দুটি মামলা দায়ের করেন।
প্রথম মামলায় সাবেক এমপি মো. রশীদুজ্জামানের বিরুদ্ধে ৭৫ লাখ ৯০ হাজার টাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
পৃথক মামলায় আওয়ামী লীগ নেতা শেখ মো. ফারুক আহমেদের বিরুদ্ধে দলীয় পদ ব্যবহার করে ১ কোটি ১৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
স্বামীর সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩৬ লাখ ৯১ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করে নিজ মালিকানায় রাখার অভিযোগে সাবেক কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনুর বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক। এই মামলায় স্ত্রীর নামে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করায় তাঁর স্বামী ফারুক আহমেদকেও আসামি করা হয়েছে।
অন্য দুটি মামলার আসামি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক বিধান কুমার ভাণ্ডার ও তাঁর স্ত্রী ডলি ভাণ্ডার।
বিধান কুমার ভাণ্ডারের বিরুদ্ধে ৭৩ লাখ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আর স্বামীর অর্জিত ১ কোটি ৮ লাখ টাকা মূল্যের অবৈধ সম্পদ নিজ মালিকানায় রেখে ভোগদখল করায় ডলি ভাণ্ডারের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে; বিধান কুমার ভাণ্ডারকে দুটি মামলায় এবং ডলি ভাণ্ডারকে একটি মামলায় আসামি করা হয়েছে।




