গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় অভিযান: ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা রনি পাঠান ও সহযোগী গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রনি পাঠান (২৫) এবং তাঁর সহযোগী নয়ন মিয়া (২৫)। ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন। রনি পাঠান শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার বাসিন্দা।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. হাসমত উল্লাহ।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে মাওনা চৌরাস্তা এলাকায় রনি পাঠান ও নয়ন মিয়াকে আটক করা হয় এবং তাঁদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অন্য কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। তবে ইয়াবা উদ্ধারের ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।




