বরিশালের উজিরপুরে ঘুষের অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, চালক অব্যাহতিপ্রাপ্ত

বরিশালের উজিরপুরে ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগে দুই কর্মচারীকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের গাড়িচালক (চুক্তিভিত্তিক) রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যাহার হওয়া দুই কর্মচারী হলেন শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সুরাইয়া আক্তার।
এর আগে সানজিদা আক্তার ও সুরাইয়া আক্তারের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ ছাড়া ঘুষের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগও ওঠে।
সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে এলে রবিবার সানজিদা আক্তার ও সুরাইয়া আক্তারকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়। একই সঙ্গে গাড়িচালক রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।




