এলভিস প্রিসলির গান অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগে অ্যানথ্রপিকের বিরুদ্ধে মামলা, দাবি প্রায় ৪১ মিলিয়ন ডলার

কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী এলভিস প্রিসলির গান চুরির অভিযোগে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের বিরুদ্ধে আইনি লড়াই শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, কোনো ধরনের অনুমতি না নিয়েই এলভিসের শত শত কালজয়ী গান ব্যবহার করে নিজেদের এআই মডেলকে প্রশিক্ষণ দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
গত শুক্রবার এই মামলার খবর প্রথম প্রকাশ করে সংগীতবিষয়ক ম্যাগাজিন বিলবোর্ড। মামলায় অভিযোগ করা হয়েছে, ক্লড নামের এআই মডেল তৈরি করা কোম্পানিটি এলভিস প্রিসলির শত শত গানের স্বত্ব বা কপিরাইট লঙ্ঘন করেছে। এর মধ্যে ‘কান্ট হেল্প ফলিং ইন লাভ’, ‘আ লিটল লেস কনভারসেশন’ ও ‘ডোন্ট বি ক্রুয়েল’-এর মতো জনপ্রিয় গানও রয়েছে।
প্রতিটি গানের জন্য ১ লাখ ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে, যার মোট পরিমাণ দাঁড়ায় প্রায় ৪১ মিলিয়ন ডলার।
এর আগে ইউনিভার্সাল মিউজিক গ্রুপের মতো বড় বড় মিউজিক কোম্পানি মেধাসম্পদ চুরির অভিযোগে বিভিন্ন এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করলেও, কোনো একক শিল্পীর পক্ষে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় আইনি পদক্ষেপ বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।
এলভিস প্রিসলির মেধাস্বত্ব, তাঁর গানের ক্যাটালগ, ব্র্যান্ড ট্রেডমার্ক এবং তাঁর নাম, ছবি ও পরিচয়ের অধিকার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান অথেনটিক ব্র্যান্ডস গ্রুপের একটি শাখা এই মামলাটি করেছে। এ ছাড়া এলভিসের স্বত্বাধিকারী অন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানও এই মামলায় যুক্ত হয়েছে।
মামলার প্রধান আইনজীবী রিচার্ড বুশ বলেন, ‘অ্যানথ্রপিক তাদের পুরো ব্যবসায়িক কাঠামো দাঁড় করিয়েছে অন্যের কনটেন্ট চুরির ওপর ভর করে। এলভিস প্রিসলির মতো কিংবদন্তির সৃষ্টিকে রক্ষা করতেই আমরা আইনি পথে হাঁটছি। তাঁর গানগুলোর স্বত্ব রক্ষায় আমরা বদ্ধপরিকর।’
এর আগে শীর্ষস্থানীয় এআই সং জেনারেটর সুনোর বিরুদ্ধেও প্রশিক্ষণ প্রক্রিয়ায় চুরির অভিযোগে মামলা করেছিল তিনটি বড় মিউজিক কোম্পানি। গত বছর ওয়ার্নার মিউজিক গ্রুপের সঙ্গে তাদের আপস হলেও ইউনিভার্সাল মিউজিক ও সনি মিউজিকের সঙ্গে এখনো আইনি লড়াই চলছে।




