লক্ষ্মীপুরের পূর্ব নন্দনপুরে সুপারি বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার, মাদকব্যবসার বিরোধের ধারণা পুলিশের
লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগান থেকে জাকির হোসেন জুয়েল (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।
পুলিশের ধারণা, এর আগে রাত ১১টার দিকে দুর্বৃত্তরা জুয়েলকে হত্যা করে মরদেহ ওই বাগানে ফেলে রেখে পালিয়ে যায়। মাদকব্যবসার আধিপত্য বা বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত জুয়েল পূর্ব নন্দনপুর এলাকার তোফায়েল আহমেদের ছেলে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদকের ঘটনায় একাধিক মামলা রয়েছে। এলাকায় তাঁর বিরুদ্ধে ইয়াবা বিক্রির ব্যাপক অভিযোগ রয়েছে বলেও পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কে বা কারা গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জুয়েলকে হত্যা করে সুপারি বাগানে মরদেহ ফেলে রেখে যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন, এরপর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, কিছুদিন আগে জুয়েল মাদক মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন। মাদকসংক্রান্ত দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

