গাইবান্ধার বল্লমঝাড়ে মাদরাসা থেকে ফেরার পথে অটোরিকশার ধাক্কায় ৬ বছরের শিক্ষার্থীর মৃত্যু
গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় সোয়াদ মিয়া (৬) নামের প্লে শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোয়াদ নারায়ণপুর গ্রামের পাভেল মিয়ার ছেলে। সে স্থানীয় দারুল হিকমা মডেল মাদরাসার প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে ক্লাস শেষে বাড়ি ফিরছিল সোয়াদ। বাড়ির কাছাকাছি এসে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ধাক্কায় শিশুটির মাথা ফেটে যায় এবং নাক-মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
স্থানীয় অপর একটি সূত্র জানিয়েছে, শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বাদ আসর জানাজা শেষে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে।
নিহত শিশুর আত্মীয় মনিরুজ্জামান প্রধান পরিবারের বরাতে জানান, মাদরাসা থেকে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় সোয়াদের মৃত্যু হয়েছে এবং বাদ আসর তার দাফন হয়েছে।
বল্লমঝাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য কালাম মিয়া রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি অনেক মর্মান্তিক। শিশুটির মৃত্যুতে তার মা মিতু খাতুন বাকরুদ্ধ হয়ে পড়েছেন, কোনো কথাই বলছেন না। পরিবারে শোকের মাতম চলছে।




