…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
অর্থনীতি ও ব্যবসা

ব্যাংকিংয়ে আঞ্চলিক বৈষম্য প্রকট: আমানতের ৬০ শতাংশ ও ঋণের ৬৮ শতাংশই শুধু ঢাকা বিভাগে

নিজস্ব প্রতিবেদক

দেশের সব অঞ্চলে ব্যাংকিং কার্যক্রমের বিস্তার সমান নয়। কোথাও ব্যাংকে জমা হচ্ছে বিপুল আমানত, বিতরণ হচ্ছে বেশির ভাগ ঋণ। আবার কোনো কোনো বিভাগে আমানত ও ঋণ — দুটির পরিমাণই খুব কম। ফলে ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগেও অঞ্চলভেদে বড় ব্যবধান তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের মোট আমানতের ৬০ দশমিক ৫৯ শতাংশ এবং মোট ঋণের ৬৭ দশমিক ৮৪ শতাংশই ঢাকা বিভাগে কেন্দ্রীভূত। চট্টগ্রাম বিভাগকে হিসাবে নিলে দুই বিভাগে রয়েছে দেশের মোট আমানতের ৮১ দশমিক ৩৪ শতাংশ এবং ঋণের প্রায় ৮৭ শতাংশ।

এর বিপরীতে ময়মনসিংহে জমা রয়েছে মোট আমানতের মাত্র ১ দশমিক ৭১ শতাংশ। আর সিলেটে বিতরণ করা ঋণের পরিমাণ দেশের মোট ঋণের মাত্র ১ দশমিক ০৩ শতাংশ। এই পরিসংখ্যান ব্যাংকিং কার্যক্রমে অঞ্চলভেদে বৈষম্যের চিত্রই তুলে ধরে।

কেন্দ্রীয় ব্যাংকের জুন প্রান্তিকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২২ লাখ ১০ হাজার ৪৪৪ কোটি টাকা। এর মধ্যে ঢাকা বিভাগেই জমা রয়েছে ১৩ লাখ ৩৯ হাজার ৩১১ কোটি টাকা।

আগের প্রান্তিকের তুলনায় ঢাকা বিভাগে আমানত বেড়েছে ২ দশমিক ৮৪ শতাংশ। আবার এই বিভাগের মোট আমানতের ৫৪ দশমিক ৯৮ শতাংশই এসেছে শহরাঞ্চল থেকে।

একই সময়ে ব্যাংক খাতে মোট ঋণের স্থিতি ছিল ১৮ লাখ ৮ হাজার ৭৩৮ কোটি টাকা। এর মধ্যে ঢাকা বিভাগে বিতরণ করা হয়েছে ১২ লাখ ২৭ হাজার ৩৫ কোটি টাকা। অর্থাৎ দেশের প্রায় দুই-তৃতীয়াংশ ব্যাংকঋণ যাচ্ছে এক ঢাকা বিভাগেই।

আমানত ও ঋণ — দুই ক্ষেত্রেই ঢাকার পর রয়েছে চট্টগ্রাম বিভাগ। জুন শেষে এই বিভাগে আমানত ছিল ৪ লাখ ৫৮ হাজার ৭৬৫ কোটি টাকা, যা মোট আমানতের ২০ দশমিক ৭৫ শতাংশ। একই সময়ে ঋণের স্থিতি ছিল ৩ লাখ ৪৬ হাজার ২৭৭ কোটি টাকা, যা মোট ঋণের ১৯ দশমিক ১৪ শতাংশ।

বাকি বিভাগগুলোর চিত্র বেশ হতাশাজনক। খুলনা বিভাগে আমানত ৯৯ হাজার ৯৫৯ কোটি টাকা এবং ঋণের স্থিতি ৬৭ হাজার ২২৭ কোটি টাকা। রাজশাহী বিভাগে আমানত ৯৪ হাজার ৩৭৫ কোটি এবং ঋণ ৬৬ হাজার ২৫৯ কোটি টাকা।

সিলেট বিভাগে আমানত রয়েছে ৮৮ হাজার ৬২৪ কোটি টাকা। তবে সেখানে ঋণের স্থিতি মাত্র ১৮ হাজার ৫৭২ কোটি টাকা, যা দেশের মোট ঋণের মাত্র ১ দশমিক ০৩ শতাংশ — আমানতের তুলনায় ঋণ বিতরণে বড় ব্যবধানের উদাহরণ।

এই কেন্দ্রীভবনের প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টিতে। পিছিয়ে থাকা অঞ্চলে বিনিয়োগ বাড়ানোর সুযোগও এতে সীমিত হচ্ছে।

ব্যাংকিং কার্যক্রমের এই কেন্দ্রীভবন শুধু পরিসংখ্যানের পার্থক্য নয়; এটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ভৌগোলিক অসমতারও প্রতিফলন। যেসব অঞ্চলে শিল্পকারখানা, বড় ব্যবসাপ্রতিষ্ঠান, করপোরেট অফিস ও বাণিজ্যিক কার্যক্রম বেশি, সেখানে আমানতের পাশাপাশি ঋণের চাহিদাও বেশি।

ঢাকার ভেতরেও আমানত সংগ্রহ কয়েকটি বাণিজ্যিক এলাকায় কেন্দ্রীভূত। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, মতিঝিলের পাশাপাশি গুলশানেও বড় শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানের কার্যক্রমের কারণে আমানত বাড়ছে। এরপর রয়েছে বনানী, ধানমন্ডি, পল্টন ও তেজগাঁও।

জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা কে মুজেরী বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড ঢাকা ও চট্টগ্রামকেন্দ্রিক হওয়ায় দেশে ভারসাম্যহীন উন্নয়ন তৈরি হচ্ছে। কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগের আশায় মানুষ এই দুই অঞ্চলে ছুটছে।

তাঁর মতে, এতে ঢাকায় জনসংখ্যার চাপ ও অচলাবস্থা বাড়ছে, অন্যদিকে অন্যান্য অঞ্চলে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। সারা দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলে উদ্যোক্তা তৈরিতে ব্যাংকগুলোর নজর বাড়ানো প্রয়োজন, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণপ্রবাহ বাড়াতে হবে।

সব মিলিয়ে, আমানত ও ঋণের এই কেন্দ্রীভবন কাটাতে না পারলে আঞ্চলিক বৈষম্য আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যাংকগুলো পিছিয়ে থাকা অঞ্চলে কতটা উদ্যোক্তা তৈরি ও ঋণ বিতরণে এগিয়ে আসে, সেটিই এখন দেখার বিষয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

১ জানুয়ারি থেকে ধাপে ধাপে এনইআইআর কার্যকরের পরিকল্পনা, ব্যবহৃত মোবাইল বৈধভাবে আমদানির সুযোগ চান ব্যবসায়ীরা

অবৈধ মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা পুরোপুরি কার্যকরের পরিকল্পনা করছে বাংলাদেশ টেলিযোগাযো…

অর্থনীতি ও ব্যবসা

কেন্দ্রীয় ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ছড়াচ্ছে দেশজুড়ে, প্রথম ধাপে ১৮ হাজার ৪৪৪ আবেদন

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সম্ভাবনাময় ব্যবসায়িক উদ্যোগে অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নেওয়া ‘উদ্যোগ’ কর…

অর্থনীতি ও ব্যবসা

ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির: ‘ছুটির ফাঁদে দেশকে ফেলা যাবে না’

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের সাপ্তাহিক ছুটি কমিয়ে এক দিন করার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনটির মতে, ব্যাংক টানা কয়েক দিন বন্ধ থাকা…

অর্থনীতি ও ব্যবসা

নগদের প্ল্যাটফর্মে মিলবে সোনালী লাইফের দুই বিমা পণ্য: ডিজিটাল বিমাসেবা ছড়াতে দুই প্রতিষ্ঠানের চুক্তি

বাংলাদেশে ডিজিটাল বিমাসেবার পরিধি বাড়াতে এবং সাধারণ মানুষের কাছে জীবন বিমা আরও সহজলভ্য করতে কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্…