ক্রিকেটে আসছে চতুর্থ ফরম্যাট: ছেলে-মেয়ে একই দলে, ৮০ ওভারের অভিনব ‘টেস্ট টোয়েন্টি’
একই দলে খেলবে ছেলে ও মেয়ে। দুপক্ষের জন্য থাকবে আলাদা ইনিংস, কিন্তু জয়-পরাজয় নির্ধারিত হবে সম্মিলিত স্কোরে। ক্রিকেটে এমন অভিনব নিয়ম নিয়ে আসছে নতুন ফরম্যাটের প্রতিযোগিতা ‘টেস্ট টোয়েন্টি’।
আগামী ১৪ থেকে ২৯ নভেম্বর শ্রীলঙ্কার কলম্বোয় অভিষেক হতে যাওয়া এই টুর্নামেন্টকে ক্রিকেটের চতুর্থ ফরম্যাট হিসেবে তুলে ধরছেন আয়োজকেরা। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটের নিয়ম মিলিয়ে তৈরি এই ফরম্যাটে অংশ নেবে চারটি মহাদেশীয় দল।
টুর্নামেন্টে খেলবে ১৩ থেকে ২১ বছর বয়সী ১৬০ জন তরুণ ক্রিকেটার। চারটি দলে থাকবে ২০ জন ছেলে ও ২০ জন মেয়ে। অর্থাৎ প্রতিটি দলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা স্কোয়াড থাকলেও মাঠের লড়াইয়ে সবার পারফরম্যান্স যোগ হবে একই দলের হিসাবে।
নতুন এই নিয়মে ছেলেরা খেলবে ছেলেদের বিপক্ষে, মেয়েরা খেলবে মেয়েদের বিপক্ষে। তবে দুই পক্ষের করা রান যোগ করে নির্ধারিত হবে দলের মোট সংগ্রহ।
ধরা যাক, ‘এ’ দলের মেয়েরা করেছে ১৫০ রান, আর ‘বি’ দলের মেয়েদের সংগ্রহ ১৩০। মেয়েদের ইনিংস শেষে ২০ রানে এগিয়ে থাকবে ‘এ’ দল। কিন্তু ছেলেদের ইনিংসে যদি ‘বি’ দল করে ১৯০ রান এবং ‘এ’ দল থামে ১৬০ রানে, তাহলে দুই পক্ষের সম্মিলিত স্কোরে জয়ী হবে ‘বি’ দল। কারণ দুই দলের মোট রান যোগ করার পর ‘বি’ দলের সংগ্রহই হবে বেশি।
সহজ কথায়, জিততে হলে ছেলে ও মেয়ে—দুই দলের ক্রিকেটারদেরই ভালো খেলতে হবে। এক পক্ষের বড় সংগ্রহ অন্য পক্ষের দুর্বল পারফরম্যান্সের ঘাটতি পুষিয়ে দিতে পারে, আবার উল্টোটাও ঘটতে পারে।
প্রতিটি ম্যাচ হবে ৮০ ওভারের। দিনের আলোয় লাল বলে ও ঐতিহ্যবাহী সাদা পোশাকে খেলা হবে ৪০ ওভার। বাকি ৪০ ওভার অনুষ্ঠিত হবে ফ্লাডলাইটের আলোয়, সাদা বলে এবং রঙিন জার্সি পরে। অর্থাৎ একই ম্যাচে থাকবে ক্রিকেটের দুই ভিন্ন রূপ।
টসের মাধ্যমে নির্ধারিত হবে ছেলে না মেয়েরা—কারা আগে ব্যাট করবে। এই সিদ্ধান্তও ম্যাচের কৌশলে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন আয়োজকেরা।
নতুন এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হয়েছেন ক্রিকেটের বেশ কয়েকজন পরিচিত মুখ। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স, অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্লাইভ লয়েড রয়েছেন এর উপদেষ্টা পর্ষদে।
এছাড়া ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির শৈশবের কোচ হিসেবে পরিচিত রাজকুমার শর্মা দায়িত্ব পালন করবেন গ্লোবাল সিলেকশন কমিটির চেয়ারম্যান হিসেবে।
প্রথম আসরের ম্যাচগুলো হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে। টুর্নামেন্টের ফাইনাল নির্ধারিত হয়েছে ২৯ নভেম্বর। সব ম্যাচ সনি স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারের কথা রয়েছে।





