ক্যানসারে হেরে গেলেন আয়ারল্যান্ডের ইউরোপীয় চ্যাম্পিয়ন সিয়ারা ম্যাগিয়ান, মৃত্যু মাত্র ৩৪ বছর বয়সে
আয়ারল্যান্ডের মধ্য-দূরত্বের দৌড়বিদ সিয়ারা ম্যাগিয়ান মারা গেছেন ৩৪ বছর বয়সে। ইউরোপীয় স্বর্ণজয়ী এই অ্যাথলেট দুটি অলিম্পিক গেমসে অংশ নিয়েছিলেন। তাঁর পরিবার তাঁর মৃত্যুর খবর জানিয়েছে।
রবিবার অ্যাথলেটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সকাল সাড়ে ৬টায় প্রিয়জনদের পাশে রেখে ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হেরে যান সিয়ারা।
বেলফাস্টে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ের মাত্র কয়েক সপ্তাহ পরই তাঁর মৃত্যু হলো।
তিনি অন্ত্রের ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন। ২০২৫ সালের জুলাইয়ে তিনি রোগ শনাক্ত হওয়ার কথা জানান এবং পরে রোগটি অনেক দূর ছড়িয়ে পড়েছে বলে জানান।
উত্তর আয়ারল্যান্ডের কাউন্টি ডাউনের পোর্টাফেরির বাসিন্দা ম্যাগিয়ান নিজেকে আয়ারল্যান্ড দ্বীপের অন্যতম শীর্ষ মধ্য-দূরত্বের দৌড়বিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি উত্তর আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্র—দুয়ের হয়েই একাধিক রেকর্ড গড়েন।
তিনি প্রজাতন্ত্রের হয়ে ২০১৬ সালের রিও অলিম্পিক ও ২০২১ সালে অনুষ্ঠিত টোকিও গেমসে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন আসে ২০২৪ সালে, যখন রোমে ইউরোপীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১৫০০ মিটার দৌড়ে শিরোপা জেতেন তিনি।
তবে গোড়ালির অ্যাকিলিস টেন্ডনের চোট তাঁকে সেই বছরই প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া থেকে বিরত রাখে।
অসুস্থতার সময়জুড়ে তিনি ছিলেন লক্ষণীয়ভাবে ইতিবাচক। রোগ শনাক্ত হওয়ার পর সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেছিলেন, তিনি ‘প্রতিদিনের আনন্দ খুঁজে চলেছেন’। জুনে বিবিসিকে তিনি বলেছিলেন, অনেকের পাওয়া হয়নি এমন একটি ক্যারিয়ার পেয়ে তিনি ‘কৃতজ্ঞ’।
ম্যাগিয়ান ১৫০০ মিটারে ইউরোপীয় ব্রোঞ্জ (২০১৬) ও রৌপ্য (২০২২) পদকও জিতেছিলেন এবং ২০২২ কমনওয়েলথ গেমসে উত্তর আয়ারল্যান্ডের হয়ে একই ইভেন্টে দ্বিতীয় হয়েছিলেন।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। অলিম্পিক ফেডারেশন অব আয়ারল্যান্ড এক বিবৃতিতে বলেছে, ‘দেশ একজন নায়ককে হারাল।’ উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও'নিল বলেছেন, পদক ও রেকর্ডের বাইরেও সিয়ারাকে মনে রাখা হবে তাঁর উষ্ণতা, সাহস ও অসাধারণ চারিত্রিক দৃঢ়তার জন্য। আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী (তিশক) মিখাল মার্টিন তাঁর ‘অকাল মৃত্যুতে’ গভীর শোক প্রকাশ করেছেন।


