জার্মানির বন্যপ্রাণী পার্কে নেকড়ের হামলায় আট বছরের শিশু গুরুতর আহত

জার্মানির একটি বন্যপ্রাণী পার্কে নেকড়ের হামলায় আট বছর বয়সী একটি মেয়ে গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বার্লিনের দক্ষিণে ব্রান্ডেনবুর্গের ইয়োহানিসম্যুলে পার্কে।
পুলিশ জানিয়েছে, হামলার সময় শিশুটি একজন কর্মী ও আরও দুটি শিশুর সঙ্গে একটি ঘেরের ভেতরে ছিল।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘ঘটনার সুনির্দিষ্ট পরিস্থিতি চলমান পুলিশ তদন্তের বিষয়।’
বুধবারের এই ঘটনার পর শিশুটিকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আর কেউ আহত হননি।
জার্মান পত্রিকা বিল্ডের প্রতিবেদন অনুযায়ী, অন্তত একটি প্রাণীর হামলায় শিশুটি আহত হয় এবং তার মাথায় আঘাত লাগে।
বিল্ড জানিয়েছে, ঘটনাটি ঘটে স্থানীয় সময় সকাল ১০টায় পার্ক খোলার আগে, এবং শিশুটি সম্ভবত একটি বিশেষ পরিদর্শনে অংশ নিচ্ছিল।
বারুথ/মার্ক শহরের এই পার্কটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং এর ওয়েবসাইট অনুযায়ী আগামী ২ নভেম্বর এটি আবার খোলার কথা। ওয়েবসাইটে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
পার্কটিতে ধূসর ও আর্কটিক নেকড়ের পাশাপাশি বাদামি ভালুক ও লিংক্সসহ অন্যান্য প্রাণীও রাখা হয়। পার্কটি ছোট দলের ভ্রমণের সুযোগ দেয়, যেখানে দর্শনার্থীরা কিছু প্রাণীর সঙ্গে সময় কাটাতে পারেন; এর ওয়েবসাইটে নেকড়েদের খাওয়ানো বা লামাকে আদর করার কথা উল্লেখ রয়েছে।
ইউরোপে চিড়িয়াখানা ও বন্যপ্রাণী পার্কে প্রাণীর হামলার আরও ঘটনার পর এই ঘটনা ঘটল। এ সপ্তাহে একটি ডাচ চিড়িয়াখানায় চিতাবাঘের হামলায় এক রক্ষী মারা যান এবং এই মাসের শুরুতে ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে বাঘের হামলায় এক ব্যক্তি নিহত হন।



