মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মালবাহী ট্রাকের চালক মো. হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৫ নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
আদেশের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান জানান, মামলার ৩৪ জন আসামির মধ্যে শুরু থেকেই সাবেক প্রধানমন্ত্রীসহ ২২ জন পলাতক রয়েছেন।
এদিন কারাগার থেকে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ ৯ জনকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা দুজন সশরীরে হাজিরা দেন। অন্য মামলায় কারাগারে থাকা মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামানকে আদালতে উপস্থিত করা হয়নি।
শুনানিকালে আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী, ফারজানা ইয়াসমিন রাখী, আহসান হাবীব, খায়রুল ইসলাম ও তরিকুল ইসলামসহ বেশ কয়েকজন আইনজীবী আসামিদের মামলা থেকে অব্যাহতির দাবি জানান। অন্যদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে অবস্থান নেয়। শুনানি শেষে বিচারক অব্যাহতির আবেদন নামঞ্জুর করে বিচারিক প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন। এ সময় উপস্থিত আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।
মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। গাবতলীতে গাড়ি রেখে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
এই ঘটনায় নিহতের মা রীনা বেগম বাদী হয়ে ওই বছরের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আকরামুজ্জামান ২০২৫ সালের ২৩ নভেম্বর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


