লালপুরের নর্থ বেঙ্গল চিনিকলে ৩০ অক্টোবর আখ মাড়াই শুরু, লক্ষ্য ১১ হাজার ৭০০ টন চিনি

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল চিনিকলে আগামী ৩০ অক্টোবর থেকে চলতি মৌসুমের আখ মাড়াই শুরু হবে।
চিনিকল কর্তৃপক্ষ এবার ১ লাখ ৮০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
চিনিকল সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি মৌসুমে চিনি আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ এবং আখ মাড়াই কার্যক্রম চলবে ১২৫ দিন ধরে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীনের আখ মাড়াই কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে বলে চিনিকল সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আখ চাষে কৃষকদের উৎসাহিত করতে গত মৌসুমের তুলনায় এবার প্রতি কুইন্টাল আখের দাম ২৬ টাকা বাড়ানো হয়েছে। বর্তমানে চিনিকলের গেটে প্রতি কুইন্টাল আখের ক্রয়মূল্য ৬৫১ টাকা এবং আখ সংগ্রহ কেন্দ্রগুলোতে ৬৩৭ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।
চিনিকল এলাকার প্রায় ১৮ হাজার একর জমিতে এবার আখের আবাদ হয়েছে। উন্নত পদ্ধতিতে আগাম আখ চাষে উৎসাহ দিতে ৫ হাজার ৪৫৪ জন আখচাষিকে মোট ২ কোটি ৭১ লাখ টাকা প্রণোদনা দিয়েছে সরকার।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া জানান, মাড়াই মৌসুম শুরুর প্রস্তুতির অংশ হিসেবে গত শনিবার (২৪ অক্টোবর) কারখানার পরিচ্ছন্নতা ও কার্যক্রম যাচাইয়ে ওয়াটার ট্রায়াল করা হয়েছে। এর আগে গত ৯ অক্টোবর কারখানার বয়লার ফায়ারিং সম্পন্ন হয় এবং বয়লার থেকে উৎপন্ন বাষ্প ব্যবহার করে পুরো মৌসুমে আখ মাড়াই কার্যক্রম পরিচালিত হবে।



