হোয়াটসঅ্যাপে মুছে যাওয়া মেসেজ ফেরানোর উপায়: আর্কাইভ যাচাই থেকে ব্যাকআপ রিস্টোর

হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ মেসেজ বা পুরো চ্যাট ভুলবশত ডিলিট করে ফেললে অনেকেই মনে করেন, সেগুলো আর ফিরে পাওয়ার উপায় নেই। তবে কিছু ক্ষেত্রে মুছে যাওয়া চ্যাট পুনরুদ্ধার করা সম্ভব। চ্যাটটি শুধু আর্কাইভ করা থাকলে সহজেই ফিরিয়ে আনা যায়। আর স্থায়ীভাবে ডিলিট হয়ে গেলে প্রয়োজন হয় আগে থেকে তৈরি করা ব্যাকআপের। অ্যান্ড্রয়েড ও আইফোনে ব্যাকআপ ব্যবহার করে মুছে যাওয়া মেসেজ ফিরিয়ে আনার পদ্ধতিতে কিছুটা ভিন্নতা রয়েছে।
অনেক সময় চ্যাট মুছে গেছে বলে মনে হলেও সেটি আসলে ভুলক্রমে আর্কাইভ হয়ে থাকে। সে ক্ষেত্রে নতুন করে ব্যাকআপ ফিরিয়ে আনার প্রয়োজন নেই। অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ খুলে চ্যাট তালিকার ওপরের দিকে আর্কাইভড অপশনে প্রবেশ করতে হবে। যে চ্যাটটি ফেরত আনতে চান, সেটির ওপর কিছুক্ষণ ট্যাপ করে নির্বাচন করুন। এরপর ওপরের দিকে থাকা আনআর্কাইভ আইকনে চাপ দিলে চ্যাটটি মূল তালিকায় ফিরে আসবে।
আইফোনে হোয়াটসঅ্যাপের চ্যাট তালিকায় গিয়ে নিচের দিকে সোয়াইপ করে আর্কাইভড চ্যাটস খুঁজে নিন। এরপর সংশ্লিষ্ট চ্যাটের ওপর বাঁ দিকে সোয়াইপ করে আনআর্কাইভ নির্বাচন করুন।
হোয়াটসঅ্যাপের ব্যাকআপ গুগল ড্রাইভে সংরক্ষিত থাকলে সেটি ব্যবহার করে চ্যাট পুনরুদ্ধার করা যায়। প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে সেটিংস থেকে চ্যাটস ও চ্যাট ব্যাকআপ অপশনে গিয়ে সর্বশেষ ব্যাকআপের তারিখ ও সময় দেখে নিন। এরপর একই ফোন নম্বর ও গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে হোয়াটসঅ্যাপ পুনরায় ইনস্টল করুন। নম্বর যাচাইয়ের পর ব্যাকআপ থেকে চ্যাট ফিরিয়ে আনার অপশন এলে রিস্টোর নির্বাচন করুন।
অ্যান্ড্রয়েড ফোনের অভ্যন্তরীণ স্টোরেজেও ব্যাকআপ থাকতে পারে। ফোনের ফাইল ম্যানেজারে গিয়ে অ্যান্ড্রয়েড, মিডিয়া, হোয়াটসঅ্যাপ হয়ে ডেটাবেসেস ফোল্ডারে এসব ফাইল পাওয়া যাবে। তবে পুরোনো ব্যাকআপ থেকে মেসেজ পুনরুদ্ধার করতে হলে ফাইলের নাম পরিবর্তনসহ কয়েকটি অতিরিক্ত ধাপ অনুসরণ করতে হয়।
আইফোনে হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে চ্যাটস ও চ্যাট ব্যাকআপ অপশনে গিয়ে আইক্লাউডে ব্যাকআপ রয়েছে কি না এবং সেটি কখন তৈরি হয়েছে, তা পরীক্ষা করুন। ব্যাকআপ থাকলে হোয়াটসঅ্যাপ মুছে পুনরায় ইনস্টল করে ফোন নম্বর যাচাই করুন। এরপর রিস্টোর চ্যাট হিস্ট্রি অপশন এলে সেটি নির্বাচন করে চ্যাট ফিরিয়ে আনুন। এই পদ্ধতিতে আগে থেকে আইক্লাউড ব্যাকআপ তৈরি করা থাকতে হবে।
তবে মনে রাখতে হবে, ব্যাকআপ তৈরির পর আসা মেসেজ সেই ব্যাকআপে থাকবে না। তাই পুনরুদ্ধারের আগে ব্যাকআপের তারিখ যাচাই করা জরুরি। আগে থেকে কোনো ব্যাকআপ না থাকলে ডিলিট হওয়া মেসেজ ফেরত পাওয়ার সুযোগ সীমিত। ভবিষ্যতে গুরুত্বপূর্ণ কথোপকথন হারানো এড়াতে নিয়মিত চ্যাট ব্যাকআপ রাখা ভালো।



