…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ইউরোপ › খবর
ইউরোপ

সার্বিয়ার নির্বাচনে পরাজয় মেনে নিলেন ভুচিস, শিক্ষার্থীদের বাছাই করা প্রার্থীদের সংখ্যাগরিষ্ঠতার পথে জয়

নিজস্ব প্রতিবেদক
সার্বিয়ার নির্বাচনে পরাজয় মেনে নিলেন ভুচিস, শিক্ষার্থীদের বাছাই করা প্রার্থীদের সংখ্যাগরিষ্ঠতার পথে জয়
ছবি: সংগৃহীত

ইউরোপের দেশ সার্বিয়ায় রোববার অনুষ্ঠিত আগাম পার্লামেন্ট নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল এখনো প্রকাশিত হয়নি। এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন দেশটির দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিস। তিনি বলেছেন, চূড়ান্ত ফলাফল যেদিকে এগোচ্ছে, তাতে স্পষ্ট হয়ে গেছে বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছেন।

প্রাথমিক ফলাফলের প্রবণতা দেখে ভুচিস জানান, বিরোধী জোট ‘স্টুডেন্ট লিস্ট’ ১৩৫ থেকে ১৪০টি আসনে জয় পেতে যাচ্ছে। আর তাঁর দল জয়ী হতে পারে ১০৫টির মতো আসনে। সার্বিয়ার পার্লামেন্টে মোট আসন ২৫০টি।

চূড়ান্ত ফলাফল এখনো আসেনি উল্লেখ করে ৫৬ বছর বয়সী আলেকসান্দার ভুচিস বলেন, ‘এটা স্পষ্ট, আমরা এ নির্বাচনে হেরে গেছি।’

বেলগ্রেডভিত্তিক সংবাদ সংস্থা ‘ফোনেট’ জানায়, ভুচিসের পরাজয় মেনে নেওয়ার ঘোষণার পর ‘স্টুডেন্ট লিস্ট’-এর কার্যালয়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়। সেখানে সমর্থকেরা নেচে-গেয়ে উল্লাসে মেতে ওঠেন।

স্টুডেন্ট লিস্টের প্রার্থী রাদোমির সাইসিস জোটের নির্বাচনী সদর দপ্তরে এক ভাষণে বলেন, প্রাথমিক ফলাফলে প্রায় সব কেন্দ্রেই শিক্ষার্থীদের বাছাই করা প্রার্থীরা নিশ্চিতভাবে এগিয়ে আছেন। রাদোমির আরও বলেন, ‘শিক্ষার্থীরা জিতেছে। সার্বিয়ায় ন্যায়বিচার, স্বাধীনতা ও মর্যাদা সুনিশ্চিত হবে, সে আশাও জিতেছে। আজ রাতে একটি নতুন অধ্যায়ের সূচনা হোক।’

সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) প্রার্থী হিসেবে ২০১২ সালে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন আলেকসান্দার ভুচিস। এরপর থেকে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে দেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আছেন তিনি। সার্বিয়ায় তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার সুযোগ নেই; এ কারণে ভুচিস পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে ক্ষমতার ওপর নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইছিলেন। সেখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েন তিনি।

ভুচিসের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় দেশটির তরুণ ও শিক্ষার্থীরা। দ্বিতীয় বৃহত্তম শহর নোভি সাদে একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জনের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন তরুণেরা। সার্বিয়ায় প্রায় দুই বছর ধরে চলা সেই দুর্নীতিবিরোধী আন্দোলন থেকে উঠে এসেছে ‘স্টুডেন্ট লিস্ট’, যার বাছাই করা প্রার্থীরাই এবার চূড়ান্ত জয়ের পথে আছেন।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, নির্বাচনে রেকর্ড ভোট পড়েছে। সন্ধ্যা ৬টা নাগাদ ভোটার উপস্থিতির হার ৬৪ দশমিক ৯ শতাংশে পৌঁছায়। ১৯৯২ সালে যুগোস্লাভিয়ার বিলুপ্তির পর এটাই সেখানে সর্বোচ্চ ভোটের হার।

ইউনিভার্সিটি অব বেলগ্রেডের গবেষক জেলেনা ভাসিলজেভিক গত শুক্রবার এক সাক্ষাৎকারে আল-জাজিরাকে বলেছিলেন, নিশ্চিতভাবে এসএনএসের একটি ভোটব্যাংক রয়েছে। তবে যাঁরা সাধারণত ভোট দেন না, তাঁদের আকৃষ্ট করার প্রয়োজন রয়েছে বলেও তিনি সেদিন বলেন।

তবে ভোট গ্রহণের সময় ভয়ভীতি দেখানো এবং পদ্ধতিগত ত্রুটির অভিযোগও পাওয়া গেছে। নির্বাচন পর্যবেক্ষণকারী স্বাধীন সংস্থা ‘সেন্টার ফর রিসার্চ, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি’ (সিআরটিএ) জানিয়েছে, ৫০০টি ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করে তাদের পর্যবেক্ষকেরা প্রায় এক-তৃতীয়াংশে ভোটার বা নির্বাচনী কর্মীদের ওপর চাপ প্রয়োগের ঘটনা নথিবদ্ধ করেছে; ভোটের গোপনীয়তা রক্ষায় ব্যর্থতাও দেখা গেছে। আরেক পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘সেন্টার ফর ফ্রি ইলেকশনস অ্যান্ড ডেমোক্রেসি’ জানিয়েছে, বিকেল ৫টা নাগাদ তারা সম্ভাব্য অনিয়মের প্রায় ২৬০টি অভিযোগ পেয়েছে, যার মধ্যে রয়েছে ব্যালট পেপারের ছবি তোলা, দলবদ্ধভাবে ভোট দেওয়া এবং পরিচয় যাচাইয়ের জটিলতা।

ভুচিস পরাজয় স্বীকার করে নেওয়ার পর উৎসবে মেতে ওঠেন সার্বীয়রা। বেলগ্রেডের আকাশ রঙিন আতশবাজির আলোয় ভরে যায়, প্রধান সড়কে নেমে আসেন হাজারো মানুষ। স্টুডেন্ট লিস্টের সমর্থকেরা গাড়িতে করে ঘুরে বেড়ান, অনবরত হর্ন বাজিয়ে উদ্‌যাপনে মাতেন। রাজপথে স্লোগান ওঠে: ‘আলেকসান্দার বিদায় নিয়েছেন’।

বেলগ্রেডের ঠিক কেন্দ্রে পার্লামেন্ট ভবন আর প্রেসিডেন্ট প্রাসাদের মাঝামাঝি ছোট্ট একটি পার্কে প্রায় ১৮ মাস ধরে এসএনএসের সমর্থকেরা তাঁবু টানিয়ে টানা অবস্থান নিয়ে ছিলেন। রোববার রাতে জনতা সেসব তাঁবু ভেঙে দিয়েছেন।

ইউরোপ বিভাগের আরও খবর

ইউরোপ

নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প, বললেন ‘নরওয়ে খুব খারাপ’

শান্তিতে নোবেল পুরস্কার বারবার উপেক্ষিত হওয়া নিয়ে রোববার রাতে নরওয়ের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি…

বয়স্ক কর্মীদের প্রশিক্ষণ ব্যয় বাড়ালে তরুণদের চাকরির সংকট মোকাবিলার পরিকল্পনা ঝুঁকিতে, ব্রিটেনের নিয়োগদাতাদের সতর্কবার্তা
ইউরোপ

বয়স্ক কর্মীদের প্রশিক্ষণ ব্যয় বাড়ালে তরুণদের চাকরির সংকট মোকাবিলার পরিকল্পনা ঝুঁকিতে, ব্রিটেনের নিয়োগদাতাদের সতর্কবার্তা

ব্রিটেনের বৃহত্তম নিয়োগদাতারা সরকারকে বলেছেন, বয়স্ক কর্মীদের প্রশিক্ষণে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আরও বেশি অর্থ দিতে বাধ্য করা হলে তরুণদের চাকরির সংকট …

ইউরোপ

সার্বিয়ায় ছাত্র-নেতৃত্বাধীন তালিকার কাছে আগাম নির্বাচনে হার মানলেন ভুচিচ, ২৫০ আসনে এগিয়ে ছাত্ররা

সার্বিয়ার দীর্ঘদিনের নেতা আলেকসান্দার ভুচিচ আগাম সংসদ নির্বাচনে ছাত্র-নেতৃত্বাধীন একটি আন্দোলনের কাছে পরাজয় স্বীকার করেছেন, যে আন্দোলন প্রায় দুই বছ…

ইউরোপ

ফ্রান্সের প্রেসিডেন্ট দৌড়ে পিছিয়ে পড়লেন ফিলিপ, এগিয়ে গেলেন মেলঁশো: নতুন জরিপ

ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী এদুয়ার ফিলিপ প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে পিছিয়ে পড়েছেন। পলিটিকোর জন্য করা ক্লাস্টার ১৭-এর নতুন জরিপে দেখা গেছে, ফিলি…