…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

চার দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
চার দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন। তাঁর সফরসঙ্গী হিসেবে আছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ বেশ কয়েকজন। সফরকালে তিনি দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল আলম খান মিল্টন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সফরকালে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। এ ছাড়া তিনি জাপানের বড় কোম্পানি ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শন করবেন। তিনি ‘জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।

সূত্র জানায়, এই সফরের ফলে দুই দেশের বিদ্যমান কৌশলগত অংশীদারত্ব আরও গভীর হবে এবং জাপানি বিনিয়োগ আকৃষ্ট হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া বাণিজ্য সম্প্রসারণ ও চলমান উন্নয়ন প্রকল্পগুলোর গতি ত্বরান্বিত হবে বলেও আশা করা হচ্ছে।

আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সই করা ‘বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট’ (ইপিএ)-এর কার্যকর বাস্তবায়ন, জাপানি বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বৃদ্ধি এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদার করা। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর, দক্ষতা উন্নয়ন ও মানবসম্পদ প্রশিক্ষণের বিষয়গুলোও আলোচনায় স্থান পাবে।

প্রধানমন্ত্রী জাপানি ব্যবসায়িক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাঁর সফরসূচিতে ‘জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ’ এবং ‘জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন’-এর চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। অপর দিকে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রেসিডেন্ট, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্ট এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

সফরসূচির মধ্যে রয়েছে চিবা প্রিফেকচারের ফুত্তসু সিটিতে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন এবং নাগোয়াতে ইউনিক্লোর সদর দপ্তর ও টয়োটা কারখানা পরিদর্শন।

কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়ন বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) ও সহযোগিতা চুক্তির খসড়া নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। বর্তমানে প্রায় আটটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে, যার মধ্যে তিন থেকে চারটি এই সফরকালে স্বাক্ষর হতে পারে। এ ছাড়া শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রেও আলাদা চুক্তি নিয়ে কাজ চলছে এবং বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলে জানা গেছে।

অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে কারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে জাপানি সহায়তা নিয়েও বিস্তারিত আলোচনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা, রোহিঙ্গা সংকটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধান, জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতা জোরদার এবং আন্তর্জাতিক সংঘাত নিরসনের প্রচেষ্টা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।

এই সফরের প্রাক্কালে ২০২৬ থেকে ২০৩১ সময়কালে ১২টি অগ্রাধিকার খাতের জন্য প্রায় ১৩.৮ বিলিয়ন মার্কিন ডলারের একটি বিনিয়োগ প্যাকেজের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে কিছু উদ্যোগ ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট (বিআইজি-বি)’-এর সঙ্গে যুক্ত।

প্রস্তাবিত প্যাকেজের মধ্যে রয়েছে পরিবহন ও নগর সংযোগের জন্য ৩.৪৫ বিলিয়ন মার্কিন ডলার, মাতারবাড়ীসহ সমন্বিত শিল্প, বন্দর ও বাণিজ্যিক কেন্দ্রের জন্য ৩.১৪ বিলিয়ন মার্কিন ডলার, উৎপাদনশিল্প, সেমিকন্ডাক্টর ও অটোমোবাইল খাতের জন্য ১.৫৭ বিলিয়ন মার্কিন ডলার, জ্বালানি ও পরিবেশবান্ধব রূপান্তরের জন্য ১.২৬ বিলিয়ন মার্কিন ডলার এবং জলবায়ু-সহনশীল অবকাঠামোর জন্য ৯৪০ মিলিয়ন মার্কিন ডলার। এ ছাড়া কৃষি, ওষুধশিল্প, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, ব্লু ইকোনমি (নীল অর্থনীতি), পর্যটন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ অন্যান্য খাতের জন্য আরও ৩.৪৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব রাখা হয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

ঢাকার বাইরে মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাল হিন্দু সম্মিলন সংঘ
জাতীয়

ঢাকার বাইরে মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাল হিন্দু সম্মিলন সংঘ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার বাইরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ…

জাতীয়

মেট্রোরেল স্টেশনে বিমানবন্দরের আদলে নিরাপত্তা: বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার, আহ্বান করা হয়েছে দরপত্র

রাজধানী ঢাকার মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রীদের নিরাপত্তা জোরদার করতে আন্তর্জাতিক বিমানবন্দরের আদলে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে…

মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে পিকআপের চাপায় প্রাণ গেল বাবা ও ছয় বছরের মেয়ের
জাতীয়

মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে পিকআপের চাপায় প্রাণ গেল বাবা ও ছয় বছরের মেয়ের

গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় অটোভ্যানে থাকা বাবা ও তাঁর ছয় বছর বয়সী মেয়ে নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়…

জাতীয়

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি, খোঁজ নিলেন চিকিৎসার

অসুস্থ ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৫ অক্টোবর) সকালে তিনি হাসপাতালে গিয়ে…