আট মাস পর গ্যাবনে ফিরল সামাজিক যোগাযোগমাধ্যম: তুলে নেওয়া হলো নিষেধাজ্ঞা

মধ্য আফ্রিকার দেশ গ্যাবন আট মাস আগে আরোপ করা সামাজিক যোগাযোগমাধ্যমের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। দেশটির উচ্চ যোগাযোগ কর্তৃপক্ষ (এইচএসি) শনিবার টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এই সিদ্ধান্ত বদলের কথা ঘোষণা করেছে। এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসি দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে।
নিষেধাজ্ঞাটি আরোপ করা হয়েছিল ১৭ ফেব্রুয়ারি। তখন এইচএসি বলেছিল, অনলাইনের বিষয়বস্তু দেশে সংঘাত উসকে দিচ্ছে এবং বিভেদ আরও গভীর করছে।
প্রায় ২৫ লাখ মানুষের এই দেশে সিদ্ধান্তটি ধাক্কার মতো এসেছিল। ফেসবুক, টিকটক, ইউটিউব ও ইনস্টাগ্রামসহ সামাজিক মাধ্যমগুলো তরুণদের কাছে বিশেষভাবে জনপ্রিয়—তারা এগুলো ব্যবসার কাজে যেমন ব্যবহার করেন, তেমনি বিনোদনেও।
নিষেধাজ্ঞা জারির পর অনেক ব্যবহারকারী সামাজিক মাধ্যম ব্যবহার চালিয়ে যেতে ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহার শুরু করেন।
নিষেধাজ্ঞাটি আরোপ করা হয় এমন এক সময়ে, যখন প্রেসিডেন্ট ব্রিস অলিগুই ঙ্গেমা নির্বাচিত হওয়ার এক বছরও পার না হতেই সামাজিক অস্থিরতার ঢেউয়ের মুখে ছিলেন। কম বেতন ও খারাপ কর্মপরিবেশের অভিযোগে শিক্ষক ও সরকারি কর্মচারীরা ধর্মঘট করছিলেন।
বিরোধী পক্ষ এই স্থগিতাদেশকে ক্ষমতার অপব্যবহার বলে আখ্যা দিয়েছিল।
ঙ্গেমা গত বছরের নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হন। এর দুই বছর আগে তাঁর নেতৃত্বে হওয়া অভ্যুত্থানে বোঙ্গো পরিবারের পাঁচ দশকেরও বেশি সময়ের শাসনের অবসান ঘটে।
তেল ও কাঠসমৃদ্ধ ছোট্ট এই দেশটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন ঙ্গেমা। তবে আগের সরকারগুলোও তথ্য নিয়ন্ত্রণে ডিজিটাল ব্ল্যাকআউট ব্যবহার করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

