…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
আইন ও অপরাধ

খুলনায় মাদক ও আধিপত্যের দ্বন্দ্বে চলতি বছরেই ৩০ খুন: ভোরে গুলি, সন্ধ্যায় আতঙ্ক, নগরজুড়ে বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ভোরের আলো ফোটার আগেই কখনো শোনা যায় গুলির শব্দ, সন্ধ্যা নামতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। কখনো গুলি করে হত্যা, কখনো ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, আবার কখনো বাড়িতে ঢুকে গুলিবর্ষণ। ছিনতাইয়ের মতো অপরাধেও ব্যবহার হচ্ছে আগ্নেয়াস্ত্র। চলতি বছরের প্রথম নয় মাসে খুলনা মহানগরীর আট থানায় ৩০টি হত্যাকাণ্ড ঘটেছে।

অপরাধীদের লক্ষ্যবস্তু হচ্ছেন বিভিন্ন বিরোধে জড়িয়ে পড়া ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষ। হামলা থেকে রেহাই পাননি পুলিশ কর্মকর্তাও। একের পর এক এসব ঘটনাচিত্র এখন খুলনার নিত্যদিনের সংবাদ হয়ে দাঁড়িয়েছে। এতে নগরবাসীর মধ্যে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক।

চলতি বছরের অক্টোবরজুড়ে খুলনা মহানগরী ও আশপাশের এলাকায় একাধিক হত্যাকাণ্ড, গুলিবর্ষণ ও সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ২২ অক্টোবর মহানগরীতে পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান দুইজন। ভোরে গুলিতে নিহত হন তুষার (২৭), সন্ধ্যায় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন গৃহবধূ খুশি বেগম (২৫)।

গত ২২ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারসংলগ্ন আনসার উদ্দিন লেনে গুলিবিদ্ধ অবস্থায় তুষারের মরদেহ পাওয়া যায়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পূর্ব বানিয়াখামারের খাদিমুল উলুম মাদ্রাসার সামনে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তির পর গুলির ঘটনা ঘটে।

একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে লবণচরা থানার জিন্নাপাড়া বউ বাজারের সাত নম্বর গলিতে খুশিকে গুলি ও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

এর আগে রূপসায় ছেলে জয় ঢালী হত্যার দেড় মাসেরও কম সময়ের মধ্যে গুলিতে নিহত হন তার বাবা আক্তার ঢালী (৬০)। গত ৫ অক্টোবর রূপসার দুর্জনীমহল এলাকায় গুলিতে নিহত হন আক্তার ঢালী। এর আগে ১৫ আগস্ট একই এলাকায় তার ছেলে জয় ঢালীকে কুপিয়ে হত্যা করা হয়েছিল।

গত ৪ অক্টোবর দিঘলিয়ার ফরমাইজখানায় গুলিতে প্রাণ হারান পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা নাসিমুল গনি ওরফে নাসিম। এ ছাড়া ৭ অক্টোবর দৌলতপুরের বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় গুলিবিদ্ধ হন মহিদুল ইসলাম (২২)। ১০ অক্টোবর কাশিমনগরে গুলিবিদ্ধ হন গ্যাস কোম্পানির অপারেটর আশিকুজ্জামান জনি (৩৪)।

১৯ অক্টোবর চাঁনমারি অ্যাপ্রোচ রোডের খ্রিষ্টান পাড়ায় একটি বাড়িতে ঢুকে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে হেলমেট পরা দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর বাইরে নগরীর পশ্চিম টুটপাড়া আমতলা মোড়ে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় গুলিবিদ্ধ হন শেখ জুম্মান রহমান বিশাল (২৭)।

অন্যদিকে, ৮ অক্টোবর দিবাগত রাতে কলেজিয়েট স্কুলের সামনে ছিনতাইকারীদের চাপাতির আঘাতে গুরুতর আহত হন পুলিশ পরিদর্শক শাহ আলম (৪৩)। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ১৭ অক্টোবর শেরে বাংলা নগরের বকুলতলা বাজার এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সাহেলকে লক্ষ্য করেও গুলি ছোড়ার ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন তথ্য বলছে, নগরীর অপরাধজগতে একাধিক গ্রুপ সক্রিয় রয়েছে। মাদক ব্যবসা, চাঁদাবাজি, দখল, আধিপত্য বিস্তার, টেন্ডার নিয়ন্ত্রণ ও অস্ত্রের ব্যবহারকে কেন্দ্র করে এসব গ্রুপের মধ্যে বিরোধ তৈরি হচ্ছে, আর সেই বিরোধের জেরেই সংঘর্ষ ও হত্যাকাণ্ড ঘটছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকায় নগরীর আলোচিত অপরাধী গ্রুপগুলোর মধ্যে রয়েছে বি-কোম্পানি, পলাশ গ্রুপ, হুমা বাহিনী, আশিক গ্রুপ, নূর আজিম গ্রুপ, টেংকি শাওন গ্রুপ, আরমান গ্রুপ, বেজি আল-আমিন ও শাকিল গ্রুপ।

খুলনা মহানগরী পুলিশের (কেএমপি) তথ্য অনুযায়ী, মহানগরীর আট থানায় ২০২৪ সালে ২৯টি, ২০২৫ সালে ৩৭টি এবং চলতি বছরের প্রথম নয় মাসে ৩০টি হত্যাকাণ্ড ঘটেছে। অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৩৩ মাসে হত্যাকাণ্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬টি।

কেএমপির সহকারী পুলিশ কমিশনার (অপরাধ) গোলাম মোহাম্মদ জানিয়েছেন, এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। ডিবির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, সন্ত্রাসী যেই হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তার দাবি, বেশির ভাগ হত্যাকাণ্ডের পেছনে মাদককে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে আসছে।

একের পর এক হত্যাকাণ্ড ও সশস্ত্র হামলায় নগরবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, অপরাধী চক্রের তৎপরতা দমন এবং হত্যাকাণ্ডের তদন্তে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

মিরপুরে তল্লাশি চৌকিতে বিদেশি পিস্তল, গুলি ও ছুরিসহ আটক ২: দুজনের নামে রয়েছে ১২ মামলা

রাজধানীর মিরপুরে পুলিশের তল্লাশি চৌকিতে বিদেশি পিস্তলসহ দুজনকে আটক করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মিরপুর ১১ নম্বরে মেট্রো স্টেশনের নিচে চলা…

আইন ও অপরাধ

ঠাকুরগাঁওয়ে সংকেত অমান্য করে পুলিশের ওপর পিকআপ তুলে দেওয়ার অভিযোগ, চালকসহ গ্রেপ্তার ২

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনের দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশের সংকেত অমান্য করে এক পুলিশ সদস্যের ওপর পিকআপ ভ্যান তুলে দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ …

আইন ও অপরাধ

খুলনায় আইজিপির সফরের দিনেই দুই গুলির ঘটনা: সকালে যুবদল নেতা, সন্ধ্যায় ব্যবসায়ী গুলিবিদ্ধ

খুলনায় একই দিনে পৃথক দুটি ঘটনায় দুর্বৃত্তদের গুলিতে একজন যুবদল নেতা এবং একজন ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সকালে তেরখাদা উপজেলায় এবং স…

আইন ও অপরাধ

জাহাঙ্গীর হত্যা: ছোট ভাই আলমগীরই পরিকল্পনাকারী, সংবাদ সম্মেলনে দাবি স্ত্রী তাসলিমার, পিবিআই তদন্তের আবেদন

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ড নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী এবং অর্থ…