লাস ভেগাসে ‘দ্য মানি অ্যাওয়ার্ডস’-এ দুই সম্মাননা পেল বিকাশ: গোল্ড ও সিলভার
আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার স্বীকৃতি পেল বাংলাদেশের মোবাইল আর্থিক সেবা। ক্ষুদ্র মার্চেন্টদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনা এবং ক্যাশলেস লেনদেনের ইকোসিস্টেম সম্প্রসারণে অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সম্মাননা ‘দ্য মানি অ্যাওয়ার্ডস’ পেয়েছে বিকাশ।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বৈশ্বিক ইভেন্ট ও নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ‘মানি২০/২০’ আয়োজিত ‘দ্য মানি অ্যাওয়ার্ডস ২০২৬’-এ দুটি ক্যাটাগরিতে এই সম্মাননা অর্জন করে দেশের বৃহত্তম এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানটি।
সহজে ব্যবহারযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে সমাজের নানা স্তরের ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক আর্থিক নেটওয়ার্কে যুক্ত করার স্বীকৃতি হিসেবে ‘পেমেন্টস – ফিন্যান্সিয়াল ইনক্লুশন’ ক্যাটাগরিতে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ জিতেছে বিকাশ।
অন্যদিকে, সাধারণ গ্রাহক ও মার্চেন্টদের মধ্যে সমন্বিত লেনদেন কাঠামো তৈরি, দৈনন্দিন ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করা এবং জাতীয় ক্যাশলেস রূপকল্পকে এগিয়ে নেওয়ার স্বীকৃতি হিসেবে ‘ডায়মন্ড’ ক্যাটাগরিতে ‘সিলভার অ্যাওয়ার্ড’ পেয়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্বের শীর্ষস্থানীয় ফিনটেক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক বিচারক প্যানেলের মূল্যায়নে এই পুরস্কার দেওয়া হয়। মূলত আর্থসামাজিক ব্যবধান কমিয়ে ডিজিটাল অর্থনীতির রূপান্তরকে ত্বরান্বিত করে—এমন উদ্ভাবনগুলোকেই ‘দ্য মানি অ্যাওয়ার্ডস’-এ মূল্যায়ন করা হয়।
২০২৫ সালে প্রবর্তিত এই আন্তর্জাতিক আসরে এর আগে জেপি মরগান পেমেন্টস, অ্যান্ট গ্রুপ এবং মিন্টের মতো শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো পুরস্কার পেয়েছিল। সেই তালিকায় এবার যুক্ত হলো বাংলাদেশের বিকাশের নাম।
এবার বিশ্বের মোট ২৮টি উদ্যোগকে ছয়টি বিভাগে পুরস্কৃত করা হয়। বিভাগগুলো হলো—আর্লি স্টেজ স্টার্টআপ, গ্রোথ স্টেজ স্টার্টআপ, ব্যাংকিং, পেমেন্টস, পার্টনারশিপস অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এবং ডায়মন্ড।
বিকাশের এই অর্জন বাংলাদেশের ফিনটেক খাতের জন্যও তাৎপর্যপূর্ণ। ক্ষুদ্র মার্চেন্টদের প্রাতিষ্ঠানিক অর্থায়নের আওতায় আনার যে কাজটি ঘরে ঘরে মোবাইল ফোনের মাধ্যমে এগিয়ে চলেছে, আন্তর্জাতিক বিচারকদের মূল্যায়নে তারই স্বীকৃতি মিলল।
ক্যাশলেস লেনদেন জনপ্রিয় হওয়ার অর্থ শুধু প্রযুক্তির ব্যবহার বাড়া নয়; এর মধ্য দিয়ে ছোট ব্যবসায়ীদের লেনদেনের হিসাব সংরক্ষিত হয়, যা তাদের প্রাতিষ্ঠানিক সেবা পাওয়ার পথ সহজ করে। বিকাশের সম্মাননার পেছনে এই অন্তর্ভুক্তির ভাবনাটিই মূল ভূমিকা রেখেছে।
লাস ভেগাসের মঞ্চে পাওয়া দুটি পুরস্কার তাই শুধু একটি প্রতিষ্ঠানের অর্জন নয়—বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির অগ্রযাত্রার আন্তর্জাতিক স্বীকৃতিও বটে।




