বাংলাদেশে এলো শাওমির দুই নতুন মিনি এলইডি টিভি সিরিজ, দাম শুরু ৬৩ হাজার ৯৯৯ টাকা থেকে
বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে দুটি নতুন টেলিভিশন সিরিজ উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ২০২৬ এবং শাওমি টিভি এক্স মিনি এলইডি ২০২৬ নামের এই সিরিজ দুটিতে উন্নত ডিসপ্লে প্রযুক্তি, প্রাণবন্ত ছবি ও শক্তিশালী অডিওর সমন্বয় করা হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, নতুন লাইনআপে স্মার্ট টিভির সক্ষমতার সঙ্গে কিউডি-মিনি এলইডি প্রযুক্তি যুক্ত করা হয়েছে। বেজেল-লেস নকশার এই টিভিগুলো সিনেমা, খেলা, গেমিং ও অনলাইন কনটেন্ট দেখার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে বলে দাবি করা হয়েছে।
লাইনআপের শীর্ষে রয়েছে এস প্রো মিনি এলইডি সিরিজ, যাকে ফ্ল্যাগশিপ প্রিমিয়াম সিরিজ হিসেবে তুলে ধরা হয়েছে। এই সিরিজ পাওয়া যাচ্ছে ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি ও ৭৫ ইঞ্চি—তিনটি আকারে। এতে রয়েছে ৪কে রেজোলিউশন, সর্বোচ্চ ১ হাজার ৭০০ নিট উজ্জ্বলতা এবং ১৪৪ হার্জ রিফ্রেশ রেট।
গেমারদের জন্য এস প্রো সিরিজে গেম বুস্ট মোড রাখা হয়েছে। এই মোড চালু করলে ভ্যারিয়েবল রিফ্রেশ রেটসহ সর্বোচ্চ ২৮৮ হার্জ রিফ্রেশ রেট উপভোগ করা যাবে বলে জানানো হয়েছে। মসৃণ ভিজ্যুয়াল ও উন্নত স্পষ্টতাই এই সুবিধার মূল লক্ষ্য।
ছবি ও শব্দের ক্ষেত্রে এস প্রো সিরিজে ডলবি ভিশন, ডলবি অ্যাটমস এবং হারমান অডিওইএফএক্স সাউন্ড টিউনিংয়ের সমন্বয় করা হয়েছে। পাশাপাশি উন্নত লোকাল ডিমিং প্রযুক্তি দৃশ্যভেদে গভীর কালো, উজ্জ্বল হাইলাইট ও বিস্তারিত ছবি নিশ্চিত করতে সহায়তা করবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
অন্যদিকে টিভি এক্স মিনি এলইডি সিরিজ এসেছে চারটি আকারে—৪৩ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি ও ৭৫ ইঞ্চি। এই সিরিজেও ৪কে রেজোলিউশন ও কিউডি-মিনি এলইডি ডিসপ্লে প্রযুক্তি রয়েছে, সঙ্গে এইচডিআর১০ প্লাস সমর্থন।
শাওমির দাবি, এক্স সিরিজের ৪৩ ইঞ্চি মডেলটি দেশের একমাত্র ৪৩ ইঞ্চি মিনি এলইডি টিভি। ছোট আকারে প্রিমিয়াম ডিসপ্লে প্রযুক্তি চান এমন ক্রেতাদের জন্য এই মডেলটি আলাদা গুরুত্ব পাচ্ছে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, উদ্ভাবনী প্রযুক্তি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের দৈনন্দিন অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করাই শাওমির প্রতিশ্রুতি। নতুন দুটি সিরিজের মাধ্যমে নিখুঁত ছবির মান, মসৃণ ভিজ্যুয়াল, প্রিমিয়াম অডিও ও স্মার্ট ফিচারের সমন্বয়ে বাসাবাড়ির বিনোদন আরও আকর্ষণীয় করে তোলাই লক্ষ্য বলে তিনি জানান।
তিনি আরও বলেন, প্রতিদিনের বিনোদনে স্বাচ্ছন্দ্যে পছন্দের কনটেন্ট উপভোগ করতে চান এমন পরিবার, চলচ্চিত্রপ্রেমী, খেলার ভক্ত ও গেমারদের কথা ভেবেই এই দুটি সিরিজ আনা হয়েছে।
দামের দিক থেকে এস প্রো সিরিজের ৫৫ ইঞ্চি মডেলের দাম ১ লাখ ২৩ হাজার ৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চির দাম ১ লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকা এবং ৭৫ ইঞ্চির দাম ২ লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এক্স সিরিজের ৪৩ ইঞ্চি মডেলের দাম ৬৩ হাজার ৯৯৯ টাকা, ৫৫ ইঞ্চির দাম ৯৮ হাজার ৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চির দাম ১ লাখ ২৬ হাজার ৯৯৯ টাকা এবং ৭৫ ইঞ্চির দাম ১ লাখ ৭১ হাজার ৯৯৯ টাকা।
দুটি সিরিজই এখন দেশজুড়ে সব শাওমি অনুমোদিত স্টোরে পাওয়া যাচ্ছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। নতুন সিরিজ সংযোজনের মাধ্যমে বাসাবাড়ির বিনোদনে উদ্ভাবনী সমাধান দেওয়ার প্রতিশ্রুতি আরও জোরদার হলো বলেও শাওমির পক্ষ থেকে বলা হয়েছে।



