ফেসবুকে পোস্টের পর জামালগঞ্জের এসিল্যান্ড শান্তকে প্রত্যাহার, সংযুক্ত সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। ফেসবুকে দেওয়া দুটি পোস্ট ঘিরে আলোচনায় আসার পর এই প্রশাসনিক আদেশ এলো।
রবিবার (২৫ অক্টোবর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন ওই কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মুর্শিদ ইকবাল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আরিফুর রহমান শান্ত (পরিচিতি নম্বর ১৯০৪১) জামালগঞ্জ উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে এবং জনস্বার্থে এই বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরপর দুটি পোস্ট দেন আরিফুর রহমান শান্ত। একটি পোস্টে তিনি লেখেন, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে।’ অপর পোস্টে তিনি লেখেন, ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার।’
পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদককে নিয়ে লেখা পোস্টটি ঘিরেই মূলত বিতর্ক তৈরি হয়।
পরে অসুস্থ অবস্থায় তাঁকে প্রথমে সিলেটে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
ফেসবুকে এমন পোস্ট দেওয়ার পর এসিল্যান্ডের এই বদলির ঘটনায় স্থানীয়ভাবে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


