…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
খেলা

ক্যাম্প ন্যুতে রাতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো: ছয়ে এগিয়ে বার্সা, ঘুরে দাঁড়ানোর মঞ্চে রিয়াল

নিজস্ব প্রতিবেদক

আজ রাতে মৌসুমের সবচেয়ে বড় ম্যাচে মুখোমুখি হচ্ছে বিশ্বফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লা লিগার চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে বার্সেলোনার ক্যাম্প ন্যুতে; বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি। শিরোপার দৌড়ে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ যেমন স্বাগতিকদের সামনে, তেমনি ঘুরে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতায় ফেরার বড় মঞ্চ এটি রিয়ালের জন্যও।

বার্সেলোনার জার্মান কোচ হানসি ফ্লিকের ভাষায় ক্লাসিকোর আবেদনই আলাদা। তিনি বলেছেন, “ক্লাসিকো সবসময়ই আলাদা। এটা ফুটবলের সেরা ম্যাচ। পুরো বিশ্ব এই ম্যাচে চোখ রাখে। এখানে তিন পয়েন্ট জিততে পারেন, কিন্তু ব্যাপারটা এর চেয়েও বড় কিছু। ক্লাসিকোর অংশ হতে পারা অসাধারণ।”

এবারের ক্লাসিকোর বাড়তি আকর্ষণ হোসে মোরিনিওর প্রত্যাবর্তন। একসময় পেপ গার্দিওলার বার্সেলোনার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়েছিলেন এই পর্তুগিজ কোচ; দীর্ঘ বিরতির পর দ্বিতীয় মেয়াদে রিয়ালের ডাগআউটে ফিরে আবারও তাঁর সামনে সেই চিরপ্রতিদ্বন্দ্বী। সংবাদ সম্মেলনে মোরিনিও বলেন, “বিশ্বে গুরুত্বপূর্ণ আরও অনেক ম্যাচ আছে, কিন্তু ক্লাসিকো একটাই; এটি এলে যেন পুরো পৃথিবী থমকে যায়।”

পয়েন্ট তালিকার হিসাব বলছে, চাপ বেশি রিয়ালের ওপরেই। মৌসুমের প্রথম নয়টি লিগ ম্যাচের সব কটিতেই জিতেছে বার্সেলোনা; পূর্ণ ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ফ্লিকের দল এগোচ্ছে টানা তৃতীয় লিগ শিরোপার লক্ষ্যে। বিপরীতে রিয়াল বেতিস ও আতলেতিকো মাদ্রিদের কাছে হারের খেসারতে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল।

২০১২-১৩ মৌসুমের পর লিগের শুরুর দিকে এত বড় ব্যবধানে পিছিয়ে পড়েনি মাদ্রিদের দলটি। সেবারও কোচ ছিলেন মোরিনিও; নয় ম্যাচ শেষে বার্সেলোনার চেয়ে আট পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল শেষ পর্যন্ত দ্বিতীয় হয়েছিল ১৫ পয়েন্টের ব্যবধানে। ইতিহাসের সেই পুনরাবৃত্তি এড়াতে আজ জয় ছাড়া বিকল্প ভাবার সুযোগ কম রিয়ালের।

তবে সাম্প্রতিক ফর্মে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে রিয়াল। আন্তর্জাতিক বিরতির পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ জিতেছে তারা—লিগে ভিয়ারিয়াল ও সেভিয়াকে হারানোর পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে রোমা ও আরবি লাইপজিগের বিপক্ষেও জয় পেয়েছে। শেষ তিন ম্যাচের প্রতিটিতেই প্রতিপক্ষের জালে চারটি করে গোল করেছে দলটি।

তবু মোরিনিও মনে করেন, ক্লাসিকোতে আগের ম্যাচের ফল খুব একটা কাজে আসে না। তাঁর ভাষায়, “আমরা বেশ ভালো ছন্দে আছি, ম্যাচ জিতেছি, ভালো খেলছি, গোল করছি। তবে ক্লাসিকোর ক্ষেত্রে এর আগে কী করেছেন, তা মোটেও গুরুত্বপূর্ণ নয়; এর কোনো প্রভাবই এখানে পড়ে না। ক্লাসিকো একেবারেই আলাদা। আশা করি, ম্যাচটি দারুণ হবে এবং আমরাই জিতব।”

দুই দলের আক্রমণে সবার নজর থাকবে লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপের দিকে। মাত্র ১৯ বছর বয়সেই বার্সেলোনার আক্রমণভাগের প্রধান শক্তি হয়ে ওঠা স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল চলতি লিগের প্রথম নয় ম্যাচে করেছেন ৮ গোল; সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে তাঁর গোল ১০টি, সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০টি।

অন্যদিকে বার্সেলোনার বিপক্ষে এমবাপের রেকর্ড ভয়ংকর। সব প্রতিযোগিতা মিলিয়ে কাতালানদের বিপক্ষে ১০ ম্যাচে ১২ গোল করেছেন ফরাসি ফরোয়ার্ড—পিএসজির হয়ে ৩ ম্যাচে ৪টি এবং রিয়ালের জার্সিতে ৭ ম্যাচে ৮টি। একবিংশ শতাব্দীতে বার্সেলোনার বিপক্ষে তাঁর চেয়ে বেশি গোল করেছেন কেবল রিয়ালের সাবেক দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো (২০) ও করিম বেনজেমা (১৬)।

রিয়ালের জন্য বড় ধাক্কা ভিনিসিয়ুস জুনিয়রের অনুপস্থিতি। প্রতিপক্ষ খেলোয়াড়ের চুল টেনে লাল কার্ড দেখার ঘটনায় চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড; ফলে আক্রমণভাগে নতুন সমীকরণ খুঁজতে হবে মোরিনিওকে। যদিও চলতি মৌসুমে ভিনিসিয়ুস নিজের সেরা ছন্দে নেই—সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে তাঁর গোল মাত্র একটি, সঙ্গে তিনটি অ্যাসিস্ট। সাম্প্রতিক ম্যাচগুলোতে বরং নজর কেড়েছেন তরুণ উইঙ্গার ইয়ান দিওমান্ডে; এমবাপের পাশাপাশি তাঁর গতিও চাপে ফেলতে পারে বার্সেলোনার রক্ষণকে।

মোরিনিওর অভিজ্ঞতাও রিয়ালের ভরসা। কোচ হিসেবে বার্সেলোনার বিপক্ষে ২৭টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি, যার ১৭টিই রিয়ালের ডাগআউটে ক্লাসিকো। প্রথম মেয়াদে নিজের প্রথম ১০ ক্লাসিকোর মধ্যে মাত্র একটিতে জিতলেও শেষ পাঁচ ম্যাচে অপরাজিত ছিলেন তিনি, জিতেছিলেন তিনটিতে।

বার্সেলোনাও অবশ্য পুরো শক্তি নিয়ে নামতে পারছে না। দানি ওলমো ও জুল কুন্দেসহ কয়েকজন খেলোয়াড়ের চোট ফ্লিকের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে ৪-২ গোলে হারের পর রক্ষণের কিছু দুর্বলতাও সামনে এসেছে। তবু ক্লাসিকোর আগে আত্মবিশ্বাসের ঘাটতি নেই বার্সেলোনা শিবিরে; অন্যদিকে ফ্লিকের দল মৌসুমের শুরু থেকে দুর্দান্ত ছন্দে থাকলেও সেই হার তাদের সামনে কিছু প্রশ্ন তুলে দিয়েছে।

একটি ম্যাচই বদলে দিতে পারে শিরোপার হিসাব। বার্সেলোনা জিতলে ব্যবধান বেড়ে দাঁড়াবে নয় পয়েন্টে—মৌসুমের এত শুরুতে এমন ব্যবধান শিরোপার দৌড়ে বড় বার্তা দেবে। আর রিয়াল জিতলে ব্যবধান কমে আসবে তিন পয়েন্টে, প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে আরও। রাতের ক্যাম্প ন্যু তাই শুধু তিন পয়েন্টের লড়াই নয়, মর্যাদা আর মনস্তত্ত্বেরও যুদ্ধ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

খেলা বিভাগের আরও খবর

খেলা

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন নেইমার, দুই ম্যাচের নিষেধাজ্ঞার মুখে সান্তোস তারকা

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের জন্য শনিবারের রাতটি ছিল অবিশ্বাস্য রকমের ঘটনাবহুল। সান্তোসের ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেক…

খেলা

ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন তরুণ ক্রিকেটার হৃদয়, বিসিবির শোক

ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন তরুণ ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।…

খেলা

আজ থেকে শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ: পাঁচ বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট-ফুটবল লড়াই, উদ্বোধনী ম্যাচে সোনারগাঁও বনাম এআইইউবি

দেশের পাঁচটি করে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা নিয়ে শুরু হচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। বিশ্ববিদ্যালয় পর্যায়ের এই আস…

খেলা

এল ক্লাসিকোয় রিয়ালের ৩-১ জয়ের ভবিষ্যদ্বাণী ম্যাকম্যানাম্যানের, ভিনিসিয়ুসকে না পাওয়ার শঙ্কা

চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকো সামনে রেখে নিজের ভবিষ্যদ্বাণী জানিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা স্টিভ ম্যাকম্যানাম্যান। তার পূর্বানুমান, ন্যু ক্য…