…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পটিয়ায় নাস্তা কম দেওয়ার অভিযোগে মারধর, ৯ দিন আইসিইউতে থেকে মারা গেলেন অন্তঃসত্ত্বা গৃহবধূ সিফাতুন

নিজস্ব প্রতিবেদক
পটিয়ায় নাস্তা কম দেওয়ার অভিযোগে মারধর, ৯ দিন আইসিইউতে থেকে মারা গেলেন অন্তঃসত্ত্বা গৃহবধূ সিফাতুন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে নাস্তা কম দেওয়ার অভিযোগে মারধরের ৯ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অন্তঃসত্ত্বা গৃহবধূ সিফাতুন নুর (২২)।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন বাবা মো. নুর।

পরিবার সূত্রে জানা যায়, চন্দনাইশ পৌরসভার বাসিন্দা মো. নুরের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সিফাতুন ছিলেন সবার ছোট। প্রায় পাঁচ মাস আগে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব কুসুমপুরা গ্রামের ইলিয়াছ খাঁ বাড়ির মৃত আব্দুল সবুরের ছেলে দুবাই প্রবাসী মো. তারেকের (২৬) সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়।

বিয়ের পর স্বামী প্রবাসে আছেন। শ্বশুরবাড়িতেই বসবাস করতেন সিফাতুন। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন।

মারধরের ঘটনায় গত ১৪ অক্টোবর সিফাতুনের মা জুহিনুর আক্তার (৫৫) পটিয়া থানায় মেয়ের শাশুড়িসহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগে মা ও মেয়েকে মারধরের কথা উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেয়ের শ্বশুরবাড়িতে হাতে তৈরি নাস্তা নিয়ে যান জুহিনুর আক্তার। নাস্তার পরিমাণ কম হওয়ার অভিযোগ তুলে সেখানে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে সিফাতুনের শাশুড়ি রিজিয়া বেগম (৬০) মারধর করেন। একই সময়ে রাশেদা বেগম (৫৫) ও সুমি আক্তার (৫২) সিফাতুনের চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারধর করেন বলে অভিযোগে বলা হয়েছে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে মা ও মেয়েকে উদ্ধার করেন।

পরিবারের ভাষ্য, ওই রাতেই শারীরিক অবস্থার অবনতি হলে সিফাতুনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সংজ্ঞাহীন অবস্থায় তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে টানা নয় দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের দাবি, মারধরের পর বিষয়টি ভিন্ন খাতে নিতে সিফাতুন আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি করা হয়েছিল তার শ্বশুরবাড়ি থেকে।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সিফাতুনের বাবা। মেয়ের মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘গত ১৪ অক্টোবর ওই গৃহবধূকে মারধরের একটি অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জেনেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাউজানে সাবেক চেয়ারম্যান গুম-হত্যা মামলা: ফজলে করিম ও জিয়াউলের তদন্ত প্রতিবেদন ৪ জানুয়ারি
আইন ও অপরাধ

রাউজানে সাবেক চেয়ারম্যান গুম-হত্যা মামলা: ফজলে করিম ও জিয়াউলের তদন্ত প্রতিবেদন ৪ জানুয়ারি

গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের…

আইন ও অপরাধ

চট্টগ্রামে অস্ত্রের মুখে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়, প্রধান আসামি ‘ভেড়া সাইফুল’ গ্রেপ্তার

চট্টগ্রামের হালিশহরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অস্ত্রের মুখে সাংবাদিককে জিম্মি, মুক্তিপণ দাবি এবং বিকাশের মাধ্যমে টাকা আদায়ের ঘটনায় দায়ের করা মামলায়…

আইন ও অপরাধ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে নারীকে ধর্ষণ: চালকসহ তিনজনের যাবজ্জীবন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণের মামলায় বাসের চালক ও সহকারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে টাঙ্গাই…

খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: দুই ঠিকাদার ও ছয় প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
আইন ও অপরাধ

খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: দুই ঠিকাদার ও ছয় প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

খুলনার শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্পে অনিয়মের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা দুটিতে আসামি করা হয়েছে দুই ঠিকাদার ও খু…