…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পাবনায় শিশু ধর্ষণ-হত্যার আসামির বাড়ি গুঁড়িয়ে মাটিও লুট, জায়গায় হবে পুকুর

নিজস্ব প্রতিবেদক
পাবনায় শিশু ধর্ষণ-হত্যার আসামির বাড়ি গুঁড়িয়ে মাটিও লুট, জায়গায় হবে পুকুর
ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কুলোনিয়া গ্রামে ১০ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার প্রধান আসামি মোস্তফা কামালের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর এবার সেই বাড়ির মাটিও লুট করে নিচ্ছে বিক্ষুব্ধ জনতা। জায়গাটিতে পুকুর তৈরি করা হবে বলে জানিয়েছেন তারা।

গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত সেই কাজ চলছিল। দোতলা বাড়িটি এখন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে—সেখানে যে একটি বাড়ি ছিল, তা বোঝার উপায় নেই।

শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাটির নিচে ফাউন্ডেশনের রড পর্যন্ত কেটে নিয়ে যাওয়া হয়েছে। ইট ও বালু গাড়িতে করে অন্যত্র নিয়ে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় একাধিক বাসিন্দা।

বাড়ির মাটি কেটে নিয়ে যাওয়া শ্রমিক সলিম প্রামাণিক বলেন, ‘মোস্তফা যে পাপ করেছেন, তার শাস্তি হিসেবে তার বাড়িটি আমরা রাখিনি। এখন তার বাড়ির মাটি রাস্তায় দিচ্ছি, বাড়ির প্রয়োজনে কাজে লাগাচ্ছি। আমরা এখানে পুকুর তৈরি করব।’

বাড়ি ভাঙার কাজে অংশ নেওয়া আতাইকুলা মাধপুর এলাকার রুবেল হাসান বলেন, ‘ধর্ষক ও খুনি মোস্তফার বাড়ির চিহ্ন রাখা হবে না। ইট তো দূরের কথা, একটা বালিও এখানে রাখা হবে না। এখানে পুকুর হয়ে যাবে—নিদর্শন হিসেবে রাখা হবে, ধর্ষকের পরিণতি কী হয় সেটি বোঝানোর জন্য।’

ঘটনার শুরু গত ৯ সেপ্টেম্বর। সেদিন সন্ধ্যার পর বাড়ি থেকে নিখোঁজ হয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কামরুন্নাহার কলি। সাত দিন পর ১৬ সেপ্টেম্বর সকালে কুলোনিয়া গ্রামে বাড়ির পাশের ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রতিবেশী মোস্তফা কামাল ও তার ভাড়াটিয়া ইয়াছিন আলীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, ৯ সেপ্টেম্বর মাগরিবের পর মোস্তফার দোকানের পেছনের একটি কক্ষে কলিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়, পরে লাশ বস্তাবন্দি করে ডোবায় ফেলে দেওয়া হয়।

বাড়িঘর ভাঙচুরের পর মাটি পর্যন্ত তুলে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহত শিশুর স্বজনরা।

এখনো মামলার তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল না করায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন শিশুটির স্বজনেরা। শিশুটির দাদা আব্দুস সোবহান বলেন, এখনো চার্জশিট দেওয়া হয়নি; এতদিনে চার্জশিট দিয়ে দেওয়া দরকার ছিল—এটা প্রশাসনের গাফিলতি বলে মনে হচ্ছে। তিনি দ্রুত তদন্ত শেষ করে মামলার পরবর্তী আইনি কার্যক্রম এগিয়ে নেওয়ার দাবি জানান।

শিশুটির আরেক স্বজন রমজান আলী বলেন, ‘দোতলা বাড়ি একে একে ভাঙা হয়েছে, কাজ শেষ হয়ে গেছে, বাড়ির কোনো চিহ্ন পর্যন্ত নেই। অথচ এখনো মামলার কাগজপত্রের কাজ শেষ হয়নি বলে শুনছি। এতদিনে তো বিচার শুরু হওয়ার কথা। সবার কাছে আমাদের একটাই দাবি—একটি শিশুর ধর্ষণের ঘটনা যেন টাকার কাছে বিক্রি হয়ে না যায়।’ পুলিশ প্রশাসনকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে বলেও মনে করেন তিনি।

এ বিষয়ে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘মামলার অগ্রগতি হচ্ছে। ফরেনসিক রিপোর্ট হাসপাতালে চলে আসছে শুনেছি। দ্রুতই আমরা চার্জশিট দিয়ে দেব। শিশু কলি ধর্ষণ-হত্যা মামলায় গাফিলতি করার সুযোগ নেই।’

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে নারীকে ধর্ষণ: চালকসহ তিনজনের যাবজ্জীবন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণের মামলায় বাসের চালক ও সহকারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে টাঙ্গাই…

খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: দুই ঠিকাদার ও ছয় প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
আইন ও অপরাধ

খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: দুই ঠিকাদার ও ছয় প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

খুলনার শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্পে অনিয়মের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা দুটিতে আসামি করা হয়েছে দুই ঠিকাদার ও খু…

ইলিয়াস আলী গুমের মামলায় তদন্ত প্রতিবেদনের জন্য ২৫ জানুয়ারি দিন ধার্য করল ট্রাইব্যুনাল
আইন ও অপরাধ

ইলিয়াস আলী গুমের মামলায় তদন্ত প্রতিবেদনের জন্য ২৫ জানুয়ারি দিন ধার্য করল ট্রাইব্যুনাল

বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীকে অপহরণ করে গুমের ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৫ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন …

রাউজানে সাবেক চেয়ারম্যান গুম-হত্যা মামলা: ফজলে করিম ও জিয়াউলের তদন্ত প্রতিবেদন ৪ জানুয়ারি
আইন ও অপরাধ

রাউজানে সাবেক চেয়ারম্যান গুম-হত্যা মামলা: ফজলে করিম ও জিয়াউলের তদন্ত প্রতিবেদন ৪ জানুয়ারি

গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের…