কুর্মিটোলায় নবম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফের উদ্বোধন, খেলছেন ৬৫০-র বেশি গলফার
রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘নবম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’। দেশি-বিদেশি ৬৫০ জনের বেশি গলফার অংশ নিচ্ছেন এবারের এই প্রতিযোগিতায়।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আয়োজিত এই প্রতিযোগিতায় কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি-বিদেশি সদস্যসহ দেশের বিভিন্ন গলফ ক্লাবের নারী ও পুরুষ গলফাররা বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন উন্নয়ন প্রকল্পের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মো. আরমান আলী ভূঁইয়া সহ কুর্মিটোলা গলফ ক্লাব ও ড্যাফোডিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও অনুষ্ঠানে যোগ দেন।
ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট দেশের গলফ অঙ্গনের অন্যতম পরিচিত আয়োজন। নবমবারের মতো অনুষ্ঠিত এই আসরে ৬৫০-র বেশি গলফারের অংশগ্রহণ এটিকে দেশের বড় গলফ প্রতিযোগিতাগুলোর একটিতে পরিণত করেছে।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর রোববার রাত ৮টায় কুর্মিটোলা গলফ ক্লাবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিন দিনের এই প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগের সেরা গলফারদের হাতে উঠবে পুরস্কার। অংশগ্রহণকারীদের বড় সংখ্যা আর দেশি-বিদেশি গলফারদের উপস্থিতিতে এবারের আসর দেশের গলফ অঙ্গনে উৎসবের আমেজ তৈরি করেছে।




