…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
বিনোদন

পঞ্চাশ বছর পূর্ণ করছে ফিডব্যাক: নতুন অ্যালবাম, পুরোনো গানের নতুন আয়োজন আর তথ্যচিত্র নিয়ে বছরজুড়ে উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে ‘ফিডব্যাক’ একটি পরিচিত নাম। পাঁচ দশকের পথচলায় ব্যান্ডটি উপহার দিয়েছে ‘মৌসুমী’, ‘মেলা’, ‘চিঠি’, ‘ময়ূরী আকাশ’ ও ‘ফিরে এসো’র মতো জনপ্রিয় গান। সময়ের সঙ্গে সদস্য ও সংগীতের ধরনে পরিবর্তন এলেও শ্রোতাদের সঙ্গে সম্পর্কটা কমেনি।

বাংলা রক সংগীতের বিকাশের নানা পর্যায়ের সাক্ষী এই ব্যান্ড এবার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করতে যাচ্ছে। পাঁচ দশকের পথচলা স্মরণীয় করে রাখতে নতুন অ্যালবাম, নতুন সংগীতায়োজনে পুরোনো গানের উপস্থাপন ও তথ্যচিত্র নির্মাণের মধ্য দিয়ে বছরব্যাপী নানা আয়োজন করেছে ফিডব্যাক।

নতুন অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে ১১ বছরের বিরতির পর ব্যান্ডটির কাছ থেকে নতুন গান পাবেন শ্রোতারা। জানা গেছে, এরই মধ্যে ব্যান্ডটি তৈরি করে রেখেছে নতুন ছয়টি গান। তবে গানগুলোর বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চাইছেন না সদস্যরা; একের পর এক গান প্রকাশ করে শ্রোতাদের চমক দিতে চান তাঁরা।

শুধু নতুন গান নয়, ফিডব্যাকের পুরোনো জনপ্রিয় গানগুলোও নতুন সংগীতায়োজনে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফোয়াদ নাসের বাবু। এসব গানে কণ্ঠ দিতে পারেন অন্য ব্যান্ডের সদস্য কিংবা একক সংগীতশিল্পীরা। এর মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে ফিডব্যাকের গানগুলো নতুনভাবে তুলে ধরতে চায় ব্যান্ডটি।

পাশাপাশি ব্যান্ডের পাঁচ দশকের ইতিহাস নিয়ে প্রায় ২৫ মিনিটের একটি তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে ফিডব্যাকের সাবেক ও বর্তমান সদস্যদের বক্তব্য থাকবে; ব্যান্ডটির দীর্ঘ পথচলা, সদস্যদের অভিজ্ঞতা ও সংগীতজীবনের নানা অধ্যায় তুলে ধরা হবে সেখানে।

ফোয়াদ নাসের বাবু বলেন, তাঁদের আকাশচুম্বী বা উচ্চাভিলাষী কোনো পরিকল্পনা নেই; সামগ্রিক অবস্থার কথা বিবেচনা করে তাঁরা এগোবেন। তবে শ্রোতারা তাঁদের গানের জন্যই ভালোবাসেন, তাই গানে গানে ৫০ বছর উদ্‌যাপন করতে চান তাঁরা।

৫০ বছর পূর্তি উপলক্ষে আজ শনিবার বিকেল চারটায় ঢাকার ফার্মগেটে ডেইলি স্টার সেন্টারের এ এস মাহমুদ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ব্যান্ডের বর্তমান সদস্যরা সুবর্ণজয়ন্তীর পরিকল্পনা তুলে ধরবেন।

ফিডব্যাকের সুবর্ণজয়ন্তীর আয়োজনের শুরুটা হবে চট্টগ্রামে কনসার্ট দিয়ে আর শেষটা হবে ঢাকায়। ২০২৭ সালের অক্টোবরে, ব্যান্ডটির ৫০ বছর পূর্তির মাসে, শেষ অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। এর আগে দেশজুড়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শ্রোতাদের সঙ্গে উদ্‌যাপনে যুক্ত হতে চায় দলটি।

চট্টগ্রামের সঙ্গে ফিডব্যাকের সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৭৯ সালে চট্টগ্রাম ক্লাবের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রথম সেখানে গান গায় ব্যান্ডটি, আর পাবলিক শো করে মুসলিম ইনস্টিটিউটে। এরপর বছরের পর বছর সেখানে কনসার্ট করেছে তারা। ফোয়াদ নাসের বাবুর দেওয়া হিসাব অনুযায়ী, কোনো কোনো বছর চট্টগ্রামে ১২ থেকে ১৪টি অনুষ্ঠান করেছে ফিডব্যাক; সব মিলিয়ে ৫০ বছরে সেখানে পাঁচ শতাধিক কনসার্টে গান গাওয়ার অভিজ্ঞতা হয়েছে তাদের।

চট্টগ্রামের শ্রোতাদের ভালোবাসার কথা বলতে গিয়ে ফোয়াদ নাসের বাবু বলেন, সারা দেশে কনসার্ট করে দেখেছেন, চট্টগ্রামেও দেখেছেন; তাঁদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি চট্টগ্রামে। সেখানে রাস্তায় বের হলেও অটোগ্রাফ নিতে, ছবি তুলতে আসেন ভক্তরা, এখনো সেই উন্মাদনা দেখেন তাঁরা। তাঁদের ভাষায়, চট্টগ্রাম ফিডব্যাকের জন্য লাকি।

ব্যান্ডটির যাত্রা শুরু ১৯৭৭ সালে। ব্যান্ড আলট্রাসোনিকসের কয়েকজন সদস্যের সঙ্গে নতুন কয়েকজন সংগীতমনা মানুষ মিলে গড়ে তোলেন ফিডব্যাক; শুরুতে নাম ছিল ফিডব্যাক টোয়েন্টিয়েথ সেঞ্চুরি। প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে ছিলেন এরশাদ মঈনুদ্দিন পপসি, মুরাদ রহমান, সেলিম হায়দার, জাকিউর রহমান ও ফোয়াদ নাসের বাবু। শুরুতে জনপ্রিয় বিদেশি গান কাভার করত ব্যান্ডটি; তৎকালীন ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে নিয়মিত গাওয়ার আমন্ত্রণ আসে, সপ্তাহে তিন দিন সেখানে গান গাইত ফিডব্যাক, যা চলে ১৯৮৭ সাল পর্যন্ত।

১৯৭৯ সালের ২৫ সেপ্টেম্বর লিও ক্লাবের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হয় ব্যান্ডটির প্রথম উন্মুক্ত কনসার্ট। ১৯৮১ সালে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠানের জন্য প্রথম গান ‘এই দিন চিরদিন’ রেকর্ড করে ফিডব্যাক। ১৯৮৫ সালে সারগাম থেকে আসে প্রথম অ্যালবাম ‘ফিডব্যাক’, এরপর ‘উল্লাস’ (১৯৮৭), ‘মেলা’ (১৯৯০), ১৯৯২ সালে কলকাতার এইচএমভি থেকে ‘জোয়ার’—কোনো বাংলাদেশি ব্যান্ডের এইচএমভি থেকে অ্যালবাম প্রকাশের প্রথম ঘটনা—এবং পরে ‘বঙ্গাব্দ ১৪০০’, ‘দেহঘড়ি’, ‘বাউলিয়ানা’, ‘আনন্দ’, ‘এই শতাব্দীর ফিডব্যাক’, ‘শূন্য ২’ ও ‘এখন’ (২০১৫)।

দীর্ঘ পথচলায় অনেক সংগীতশিল্পী যুক্ত হয়েছেন ফিডব্যাকের সঙ্গে। বর্তমানে ব্যান্ডের সদস্য লাবু রহমান, এনাম এলাহি টন্টি, রায়হান হাসান, ফোয়াদ নাসের বাবু, মোহাম্মদ দানেশ ও রবিউল আলম রিয়েল। ব্যান্ডের ঝুলিতে রয়েছে ১৯৯৫ সালের ‘যায়যায়দিন বেস্ট ব্যান্ড অ্যাওয়ার্ড’ এবং ২০১৭ সালের ‘আরটিভি বেস্ট ব্যান্ড অ্যাওয়ার্ড’। তবে ফোয়াদ নাসের বাবুর কাছে সবচেয়ে বড় অর্জন শ্রোতাদের ভালোবাসা; নতুন গান আর পুরোনো স্মৃতির মেলবন্ধনে সুবর্ণজয়ন্তীর মধ্য দিয়ে সেই সম্পর্ক আরও দীর্ঘ করতে চান তাঁরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

এআই নিয়ে ভয়-উদ্বেগের কথা বললেন কৃতি স্যানন, চাইলেন যুগোপযোগী আইন

অনলাইনে দেখা কোনো ছবি আসল, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি—তা বোঝা দিন দিন কঠিন হয়ে উঠছে। এই পরিস্থিতিতে ব্যক্তিগত অধিকার ও ছবি অপব্যবহারের…

বিনোদন

হাতখরচ আর টিউশনির টাকায় সিনেমা বানালেন ৪০ তরুণ, ১০ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘অন্যপাতা’

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০ জন তরুণ মিলে আশাজাগানিয়া একটি কাজ করেছেন। নিজেদের হাতখরচ আর টিউশনির টাকায় তাঁরা নির্মাণ করেছেন একটি সিনেমা। সিনেমাটির না…

বিনোদন

সাত বছর পর আবার মঞ্চে ফিরছে একক নাটক ‘নভেরা’, আজ সন্ধ্যায় ৩০তম মঞ্চায়ন

সাত বছর পর আবার মঞ্চে ফিরছে ধ্রুপদি আর্ট সেন্টারের প্রথম প্রযোজনা, একক নাটক ‘নভেরা’। বাংলাদেশের পথিকৃৎ ভাস্কর নভেরা আহমেদের জীবন, শিল্প, প্রেম, নিঃসঙ্…

বিনোদন

৬৮ বছরে হানিফ সংকেত: শিঙাড়া আর আধা কেজি কাঁচা মরিচের গল্প শোনালেন সালাহউদ্দিন লাভলু

দেশের নন্দিত উপস্থাপক, নির্মাতা ও লেখক হানিফ সংকেতের আজ ৬৮তম জন্মদিন। ১৯৫৮ সালের ২৩ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। চার দশকের বেশি সময় ধরে বাংলাদ…