পাকিস্তানি স্ট্রাইকারের জোড়া গোলে তিন লাল কার্ডের ম্যাচে আবাহনীকে হারাল ব্রাদার্স
পাকিস্তানের স্ট্রাইকার সৈয়দ আলী রাজার জোড়া গোলে বাংলাদেশ ফুটবল লিগে প্রথম জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। শুক্রবার গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে তারা ২-১ গোলে হারিয়েছে আবাহনীকে।
ম্যাচটি ছিল ঘটনাবহুল। তিনটি লাল কার্ড দেখা ম্যাচে আবাহনী খেলা শেষ করেছে ১০ জন নিয়ে, আর ব্রাদার্স শেষ করেছে ৯ জন নিয়ে। তার পরও জয় ছিনিয়ে নিয়েছে ব্রাদার্স।
শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগে ছিল দুটি ম্যাচ। ব্রাদার্সের জয়ের দিনে রহমতগঞ্জও জয় পেয়েছে। লিগে আগামীকাল রয়েছে আরও তিনটি ম্যাচ।
গোপালগঞ্জে ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। থিয়াগোর লং বল থেকে পা ছোঁয়ান রাজা। গোলরক্ষক হাত লাগালেও বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি, বল জালে জড়িয়ে যায়।
পিছিয়ে পড়ে আবাহনী সমতায় ফেরার চেষ্টা চালায়। ৪২ মিনিটে বক্সের ভেতর থেকে আল আমিনের শট প্রতিহত করেন ব্রাদার্সের গোলরক্ষক মোহাম্মদ রাজিব। পরের মিনিটেই সানডের হেড লাফিয়ে গ্রিপে নেন রাজিব। প্রথমার্ধে পিছিয়ে থেকেই ড্রেসিংরুমে ফেরে আবাহনী।
বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে আবাহনী। ৫৭ মিনিটে সেট পিস থেকে বিশ্বকাপ খেলা নাইজেরিয়ান ফুটবলার বাবাতুঙ্গেকে পাস দেন ইয়াসিন। সেখান থেকে জোরালো শটে গোল করেন রবিউল হাসান, ম্যাচে ফেরে সমতা।
তবে ম্যাচের ৬০ মিনিটে দুই দলের ফুটবলারদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। উত্তেজনা ও বাকবিতণ্ডার একপর্যায়ে ওকাচি ও সান্তানা—দুজনকেই লাল কার্ড দেখান রেফারি। দুই দলই তখন একজন করে খেলোয়াড় হারায়।
৭৬ মিনিটে আবার এগিয়ে যায় ব্রাদার্স। জামাল ভূঁইয়ার পাস ক্লিয়ার করতে পারেননি মোহাম্মদ আসাদুজ্জামান বাবলু। গোলরক্ষককে একা পেয়ে বল জালে জড়ান রাজা, নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
চার মিনিট পর সজিবের দূরপাল্লার শট ঠেকিয়ে দেন ব্রাদার্সের গোলরক্ষক রাজিব। ম্যাচের শেষ দিকে আরও নাটক অপেক্ষা করছিল।
৮৯ মিনিটে ব্রাদার্স ইউনিয়নের মিরাদ লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয় ব্রাদার্স। শেষ মুহূর্তে একজন খেলোয়াড় বেশি নিয়েও আবাহনী আর গোল করতে পারেনি। ফলে ২-১ ব্যবধানেই ম্যাচ শেষ হয়।
এই জয়ে পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে উঠেছে ব্রাদার্স ইউনিয়ন। চার ম্যাচে সাত পয়েন্ট পাওয়া আবাহনী লিমিটেড রয়েছে টেবিলের পঞ্চম স্থানে।
দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জ ৩-২ গোলে হারিয়েছে ইয়ংমেন্স ফকিরেরপুলকে। আগামীকাল লিগের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে, সেদিকেই এখন নজর ফুটবলপ্রেমীদের।


