…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ভ্রমণ › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
ভ্রমণ

বিচ কার্নিভালে কুয়াকাটায় পর্যটকের ঢল: হোটেলে রুম সংকট, নিরাপত্তায় বিশেষ বলয়

নিজস্ব প্রতিবেদক

বিচ কার্নিভালকে কেন্দ্র করে শুক্রবারও (২৩ অক্টোবর) পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সাগরকন্যা কুয়াকাটা। অনেক আগেই আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্টগুলো বুকিং হয়ে গেছে, দেখা দিয়েছে রুম সংকট। শনিবার (২৪ অক্টোবর) ছুটির দিন হওয়ায় পর্যটনকেন্দ্রে উপচে পড়া ভিড় হতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) পূজার ছুটি শেষ হলেও বিচ কার্নিভাল উৎসবকে কেন্দ্র করে অসংখ্য পর্যটক ও দর্শনার্থীর আগমন ঘটেছে কুয়াকাটায়। তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুঁটকি পল্লী, ঝাউবাগান, গঙ্গামতি ও লাল কাঁকড়ার চরসহ সব পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি।

সৈকতের জিরো পয়েন্টে হৈ-হুল্লোড় ও সমুদ্রে সাঁতার কেটে আনন্দে মেতেছেন শিশু-কিশোরসহ নানা বয়সী ভ্রমণপ্রিয় মানুষ। কেউ সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন, কেউ প্রিয়জনের হাতে হাত রেখে সৈকতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন, কেউবা মোবাইলে কিংবা ফটোগ্রাফারদের ক্যামেরায় সুখকর মুহূর্তগুলো স্মৃতি হিসেবে ধরে রাখছেন।

বিপুল সংখ্যক পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আগতরা সমুদ্রের নোনাজলে গোসল ও খেলাধুলাসহ নানা আনন্দে মেতে উঠেছেন।

বিচ কার্নিভালকে ঘিরে কুয়াকাটায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সড়ক ও বিচ এলাকায় তোরণ, ব্যানার-ফেস্টুন ও এলইডি টিভি স্থাপনসহ নানা সাজসজ্জা করা হয়েছে। দুই দিনব্যাপী উৎসবকে কেন্দ্র করে বিচ ফুটবল, বিচ ম্যারাথন, ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুঁথিপাঠ, সাংস্কৃতিক সন্ধ্যা, বাউল গান, পর্যটনবিষয়ক প্রামাণ্যচিত্র, ভলিবল খেলা, সেলিব্রিটি বিচ ক্রিকেট, ফ্যাশন শো ও আতশবাজিসহ নানা আয়োজন করা হয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীতশিল্পী আরমান আলিফ, হাসান (আর্ক) ও ঐশীসহ দেশের খ্যাতনামা শিল্পীরা গান পরিবেশন করবেন। এর পাশাপাশি স্থানীয় শিল্পীরাও গান পরিবেশন করবেন কার্নিভাল উৎসবে। বিচ কার্নিভাল উপভোগসহ বিভিন্ন ইভেন্টে অংশ নিতে প্রায় লক্ষাধিক পর্যটক ও দর্শনার্থী রেজিস্ট্রেশন করেছেন।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এই বিচ কার্নিভালের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি, পটুয়াখালী-১ আসনের এমপি ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এমপি, স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি ও সংরক্ষিত নারী আসনের মিজ সুলতানা জেসমিন জুঁই। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এনডিসিও থাকবেন।

এদিকে কুয়াকাটায় তিন শতাধিক আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্ট থাকলেও আগাম বুকিং হয়ে যাওয়ায় বুকিং ছাড়া এসে রুম সংকটে পড়েছেন পর্যটকরা। পর্যটকদের ভিড়কে পুঁজি করে চা ১০ টাকা, ডাব প্রতি পিস ২৫০ টাকা, ভ্যান-অটো ভাড়া ইচ্ছেমতো নেওয়া, খাবার হোটেলে অতিরিক্ত বিল ও আবাসিক হোটেলে বেশি ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে অনেক হোটেলের বিরুদ্ধে।

কুয়াকাটা আবাসিক হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ জানান, ইতিমধ্যে হোটেল, মোটেল ও রিসোর্টগুলোর অধিকাংশই বুকিং হয়ে গেছে। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত পর্যটকের আগমনে কিছুটা রুম সংকট দেখা দিতে পারে। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, অ্যাসোসিয়েশনভুক্ত হোটেলগুলোতে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে; অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত নয় এমন হোটেল অতিরিক্ত ভাড়া আদায় করলে প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন তিনি।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মো. নাজমুল ইসলাম জানান, আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া জেলা পুলিশ ও এসআরবিসহ গোয়েন্দা সদস্যরা সাদা পোশাকে বিশেষ নজরদারি রাখবেন। সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা রাখতে কুয়াকাটা পৌরসভাসহ ট্রাফিক পুলিশের টহল থাকবে। জেলা পুলিশ, থানা পুলিশ, নৌ-পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের বিপুল সদস্য মোতায়েন রয়েছে।

কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক বলেন, পৌর প্রশাসন পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারিক কার্যক্রম অব্যাহত আছে। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো. আরিফুজ্জামান জানান, পর্যটকদের ওপর কোনো অন্যায় আচরণ বরদাস্ত করা হবে না; ফায়ার সার্ভিস, মেডিকেল টিমসহ তথ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং পর্যটকদের নিরাপত্তায় পটুয়াখালী জেলা প্রশাসন বদ্ধপরিকর।

পূজার ছুটি ও বিচ কার্নিভালকে কেন্দ্র করে পর্যটননির্ভর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে বিক্রি বেড়েছে, এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য ও বিচ কার্নিভাল আগতদের জন্য বাড়তি আকর্ষণ বলে জানিয়েছেন পর্যটকরা। শনিবারের ছুটিতে ভিড় আরও বাড়লে প্রশাসনের নিরাপত্তা ও মূল্য-নজরদারির ব্যবস্থাই হবে পর্যটকদের স্বস্তির মূল ভরসা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

ভ্রমণ বিভাগের আরও খবর

ভ্রমণ

গাছ নেই, তবু নাম ‘পাথুরে বন’: ২৭ কোটি বছরের শিলিনের বিস্ময়কর ভূদৃশ্য

প্রকৃতির হাতে তৈরি ভূদৃশ্য কতটা বিচিত্র হতে পারে, তার এক অনন্য উদাহরণ চীনের ইউনান প্রদেশের শিলিন পাথুরে বন। দূর থেকে দেখলে মনে হবে, বিস্তীর্ণ এলাকা জু…

ভ্রমণ

ঘুরতে এসে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা, কক্সবাজারে প্রশ্নের মুখে পর্যটন ব্যবস্থাপনা

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার — দেশের পর্যটনশিল্পের প্রাণকেন্দ্র এবং বিপুল অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম চালিকাশক্তি এই পর্যটন নগরী। প্রতিবছর দে…

ভ্রমণ

পূজার ছুটি আর বিচ কার্নিভালে জমজমাট কুয়াকাটা, দুই দিনে ৩ লাখ পর্যটকের প্রত্যাশা

শারদীয় দুর্গাপূজার দীর্ঘ ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকত। এর সঙ্গে যুক্ত হয়েছে পর্যটন করপোরেশন…

ভ্রমণ

সাজেকে গুলিবিনিময়ের পর নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন আটকে পড়া পর্যটকরা, ক্ষতি হয়নি কারও

রাঙামাটির সাজেকের উজোবাজারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলিবিনিময় হয়েছে। তবে এর আগেই উজোবাজারে আটকে থাকা পর্যটকরা নিরাপদে গন্তব্যে চলে গেছ…