সুপার বোলের হাফটাইম শোতে নিজেকেই বেছে নিলেন জে-জি, পেছনে পড়লেন মাইলি-বিবাররা
সুপার বোলের হাফটাইম শোর শিল্পী খুঁজতে বেশি দূর যেতে হয়নি র্যাপ তারকা জে-জিকে—খবর অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসের উপকণ্ঠে সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠেয় সুপার বোল এলএক্সআই-এর মঞ্চের জন্য নিজেকেই বেছে নিয়েছেন তিনি।
পাক নিউজের বরাতে জানা গেছে, এই মঞ্চের জন্য চূড়ান্ত তালিকায় থাকা মাইলি সাইরাস ও জাস্টিন বিবারকে পেছনে ফেলে নিজেকেই মনোনয়ন দিয়েছেন জে-জি। টিএমজির আগের প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারির হাফটাইম পারফরম্যান্সের দৌড়ে হ্যারি স্টাইলসও ছিলেন অগ্রগামীদের মধ্যে।
জে-জি ও তাঁর বিনোদন প্রতিষ্ঠান রক নেশন ২০১৯ সাল থেকে সুপার বোল হাফটাইম শোর প্রযোজক ও সিদ্ধান্তগ্রহীতা হিসেবে কাজ করছে। ফলে এবারের সিদ্ধান্তটি এসেছে একেবারে ভেতরের মানুষের কাছ থেকেই।
২৫ বার গ্র্যামি পুরস্কারজয়ী ৫৬ বছর বয়সী এই র্যাপ আইকন এর আগে কখনো সুপার বোলে পারফর্ম করেননি। তবে তাঁর স্ত্রী বিয়ন্সে ২০১৩ সালে নিউ অর্লিন্সে হাফটাইম শোতে প্রধান শিল্পী ছিলেন; ২০১৬ সালে সান্তা ক্লারায় ব্রুনো মার্স ও কোল্ডপ্লের সঙ্গে অতিথি শিল্পী হিসেবেও মঞ্চে উঠেছিলেন তিনি।
জে-জি বর্তমানে তাঁর ‘জে-জি ৩০’ ট্যুরে ব্যস্ত, যা তাঁর ১৯৯৬ সালের প্রথম অ্যালবাম ‘রিজনেবল ডাউট’-এর ৩০ বছর পূর্তি উদ্যাপন করছে। পাকের প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে ইয়াঙ্কি স্টেডিয়ামে টানা তিন রাতের শো থেকে তিনি ৪ কোটি ২০ লাখ ডলারের বেশি আয় করেছেন।
চার শহরের এই ট্যুর শেষ হবে সোফাই স্টেডিয়ামেই—২৩ ও ২৪ অক্টোবর টানা দুই রাতের শো দিয়ে। অর্থাৎ যে মাঠে কয়েক মাস পর সুপার বোলের হাফটাইমে গাইবেন, সেখানেই আগে মঞ্চ কাঁপানোর অভিজ্ঞতা হয়ে যাচ্ছে তাঁর।
জে-জির সর্বশেষ অ্যালবাম ‘৪:৪৪’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের জুনে। সাম্প্রতিক তিনি তাঁর ২০০০ সালের জনপ্রিয় গান ‘আই জাস্ট ওয়ানা লাভ ইউ’ একক গানটি পুনরায় প্রকাশ করেছেন।
গীতিকারদের হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রথম র্যাপার জে-জি। স্পটিফাইয়ে তাঁর মাসিক শ্রোতা ৫ কোটি ৬ লাখের বেশি—সঙ্গীত স্ট্রিমিং প্ল্যাটফর্মটির সবচেয়ে বেশি শোনা শিল্পীদের তালিকায় তিনি ৭১তম।
সুপার বোলের হাফটাইম শো বিশ্বের সবচেয়ে বড় একক মঞ্চগুলোর একটি। প্রযোজকের আসন থেকে নিজেই সেই মঞ্চে ওঠার সিদ্ধান্ত সত্যি হলে তা হবে জে-জির দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম আলোচিত অধ্যায়।




