বড়লেখায় নিসচা'র উদ্যোগে সড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে বিশেষ কার্যক্রম
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, তীব্র যানজট নিরসন এবং ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বড়লেখায় টানা চার দিন ধরে বিশেষ ট্রাফিক ক্যাম্পেইন ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর বড়লেখা উপজেলা শাখা।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ছিল ১৯তম দিন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জনদুর্ভোগ লাঘবে বড়লেখা থানা পুলিশ ও নিসচার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ক্যাম্পেইন চলাকালে নিসচা'র নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতা তৈরির কাজ করেন।
ক্যাম্পেইনে বিশেষ করে অবৈধ পার্কিং বন্ধ করা, উল্টো পথে গাড়ি চালানো রোধ, ফিটনেসবিহীন যান চলাচল নিয়ন্ত্রণ এবং পথচারীদের জেব্রা ক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধ করার ওপর জোর দেওয়া হয়।
সম্প্রতি নিসচার একটি প্রতিনিধি দল স্থানীয় প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করে সড়ক নিরাপত্তা জোরদার ও যানজট নিরসনে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে। সেই প্রস্তাবনার আলোকেই স্থানীয় প্রশাসন ও ট্রাফিক পুলিশের সহায়তায় মাঠপর্যায়ে এই ক্যাম্পেইনকে গতিশীল করা হয়েছে।
কার্যক্রমে স্থানীয় প্রশাসন ও পৌর প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি অংশ নেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, প্রবিন্স সুচিয়াং, রাহেল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নিসচা নেতারা বলেন, শুধু সরকারের সদিচ্ছা বা আইন প্রয়োগ দিয়ে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। এর জন্য সর্বস্তরের মানুষের সচেতনতা এবং চালকদের ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা তৈরি করতে হবে।
সড়কে যানজটমুক্ত পরিবেশ ও শৃঙ্খলা নিশ্চিত না হওয়া পর্যন্ত নিসচা'র এই সামাজিক আন্দোলন ও মাঠপর্যায়ের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তাঁরা।



