সৌদি আরবের চার অঞ্চলে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার রেড অ্যালার্ট
সৌদি আরবের চারটি অঞ্চলে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। জাজান, আসির, আল-বাহা ও মক্কা অঞ্চলের বিভিন্ন এলাকায় বজ্রঝড়ের পূর্বাভাস দিয়ে এই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) আবহাওয়া কেন্দ্র এই সতর্কতা জারি করে। ‘গালফ নিউজ’-এ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মরুভূমির দেশ সৌদি আরবে ভারী বৃষ্টি তুলনামূলক বিরল ঘটনা হলেও, সাম্প্রতিক বছরগুলোতে আকস্মিক বন্যায় দেশটির বিভিন্ন অঞ্চলে জানমালের ক্ষতির ঘটনা ঘটেছে।
আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, সতর্কতা জারি করা অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে শিলাবৃষ্টি ও প্রবল বাতাসের আশঙ্কা রয়েছে। ঝোড়ো বাতাসের কারণে ধুলা ও বালুঝড়ও সৃষ্টি হতে পারে, যা জনজীবনে বাড়তি ভোগান্তি ডেকে আনতে পারে।
ভারী বৃষ্টির কারণে নিম্নাঞ্চল ও পাহাড়ি ঢাল বেয়ে নামা উপত্যকাগুলোতে আকস্মিক বন্যার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে কেন্দ্রটি। এ কারণে ভারী বৃষ্টিপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া জাজান, আসির, আল-বাহা ও মক্কার কিছু এলাকায় কুয়াশা পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকাতেও কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসতে পারে বলে জানানো হয়েছে, যা সড়ক ও নৌ চলাচলে প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে বৃষ্টির পূর্বাভাসের মধ্যেও সৌদি আরবের বিভিন্ন শহরে তাপমাত্রা বেশি থাকতে পারে। দেশটির দাম্মামে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। মক্কায় ৩৯ ডিগ্রি এবং রিয়াদ ও বুরাইদায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে।
মদিনায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। জেদ্দা ও জাজানে তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি। এ ছাড়া হাইলে ৩৩ ডিগ্রি, আরার, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি এবং তাবুকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
তবে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উচ্চভূমিতে তুলনামূলক শীতল আবহাওয়া বিরাজ করতে পারে। আভায় সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং আল-বাহায় ২৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে—যেসব অঞ্চলের অনেকগুলোতেই আবার ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে।
আর্দ্রতার ক্ষেত্রেও অঞ্চলভেদে বড় পার্থক্য দেখা যেতে পারে। আভা, আল-বাহা ও জাজানে বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশে পৌঁছাতে পারে। জেদ্দা ও দাম্মামে তা ৮৫ শতাংশ এবং মক্কায় ৮০ শতাংশ হতে পারে।
এ ছাড়া তাবুক, আরার ও সাকাকায় আর্দ্রতা ৭০ শতাংশ, মদিনা ও হাইলে ৫৫ শতাংশ, রিয়াদ ও নাজরানে ৩৫ শতাংশ এবং বুরাইদায় ৩০ শতাংশ থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আকস্মিক বন্যার ঝুঁকি থাকায় ভারী বৃষ্টিপ্রবণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া কেন্দ্র। পরিস্থিতি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা অনুসরণ করার কথাও বলা হয়েছে।



